চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক
অনুষ্ঠানস্থলে সাবেক দুই এমপি সনি ও নজিবুল বশর মাইজভাণ্ডারীর উপস্থিতি পুলিশ ‘টের পায়নি’ বলে ভাষ্য তাদের।
চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগরীর টাইগারপাসে শনিবার রাতে নেভি কনভেশন সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভের পর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) ফয়সাল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফখরুল আনোয়ারের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা আছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।"
ফখরুল আনোয়ার প্রয়াত আওয়ামী লীগ নেতা রফিকুল আনোয়ারের ছোট ভাই ও ফটিকছড়ির সাবেক এমপি খদিজাতুল আনোয়ার সনির চাচা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এম মনজুরুল আলমের নাতনীর সাথে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল নেভি কনভেশন সেন্টারে।
ওই অনুষ্ঠানে চট্টগ্রামের ফটিকছড়ির দুই সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে।
এরপর অনুষ্ঠানে অনেকে যখন খাওয়া দাওয়া করছিলেন তখন সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের একদল নেতাকর্মী ঢুকে ‘আবু সাইদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে খুনী কেন বাইরে’সহ ইত্যাদি স্লোগান দিয়ে হই হট্টোগল শুরু করে।
অনুষ্ঠানস্থলে বিক্ষোভকারীরা ফখরুল আনোয়ারকে ঘেরাও করে বিক্ষোভও করতে থাকেন।
পরে সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য গিয়ে বৈষ্যমবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে বাইরে যায়।
এসময় বাইরে থেকে কনভেশন সেন্টারের ফটক টপকে অনেক বহিরাগত লোকজনকেও প্রবেশ করতে দেখা গেছে।
অনুষ্ঠানে বিক্ষোভের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উপ কমিশনার ফয়সাল আহম্মেদ জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে সাবেক দুই এমপি সনি ও নজিবুল বশর মাইজভাণ্ডারীর উপস্থিতি পুলিশ ‘টের পায়নি’।
আবার অনুষ্ঠানে উপস্থিত থাকাদেরও অনেকে বলেছেন, ওই দুই এমপি সেখানে ছিলেন না।
