২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনস্টেবল খুনের দায়ে ৩ ছিনতাইকারীর যাবজ্জীবন

নয় বছর আগে চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান ওই পুলিশ কনস্টেবল।

কনস্টেবল খুনের দায়ে ৩ ছিনতাইকারীর যাবজ্জীবন

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2023, 09:18 PM

Updated : 07 May 2023, 09:18 PM

চট্টগ্রামের আগ্রাবাদে নয় বছর আগে এক পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূঞা এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- মাবুদ দুলাল, জসিম উদ্দিন ও অর্জুন দে। এছাড়া অন্য এক আসামি অটোরিকশা চালক মো. মনিরকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। এদের মধ্যে মাবুদ দুলাল ছাড়া বাকি আসামিরা পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীন দণ্ডের সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন বিচারক। অটোরিকশা চালক মনিরকেও ২০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে নগরীর অক্সিজেন এলাকায় দায়িত্ব পালন শেষে পুলিশ কনস্টেবল মো. ফরিদ উদ্দিন আগ্রাবাদ এলাকায় নিজ বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাকে আটকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ডবলমুরিং থানা পুলিশের এসআই আমিনুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দুজন মামলা চলাকালীন মারা যান।

ওমর ফুয়াদ জানান, ২০১৫ সালের ১৭ এপ্রিল এ ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয় এবং ২০১৬ সালের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার রায় ঘোষণা করা হয়।