২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের আগ্রাসনের বন্ধের দাবি ওয়ার্কার্স পার্টির

“যুক্তরাষ্ট্র প্রতিদিন ইসরায়েলকে দশ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে এবং এখন একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে,” বলেন দিদারুল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 09:37 PM

Updated : 14 Oct 2023, 09:37 PM

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটি। 

দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়। 

ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি আবু হানিফ বলেন, “সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলাকে কেন্দ্র করে ইসরায়েল নিরীহ নিরস্ত্র প্যালেস্টাইনদের ওপর নিষ্ঠুরতম গণহত্যা শুরু করেছে।

“ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে-এই স্লোগান তুলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশ্য মদদে ইসরায়েল গাজার দুই লক্ষের অধিক প্যালেস্টাইনির খাদ্য পানি ও বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে গাজা ত্যাগ করার ঘোষণা দিয়ে চরম মানবাধিকার লঙ্ঘনের নজির সৃষ্টি করেছে।"

সমাবেশে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দিদারুল আলম বলেন, “আজ চরম দুর্ভাগ্যের বিষয় হল গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলকে প্যালেস্টাইনের ভূখণ্ড জবর দখল ও বসতি স্থাপনের জন্য সামরিক ও আর্থিক সাহায্য দিয়ে প্যালেস্টাইনে মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করছে।  

“যুক্তরাষ্ট্র প্রতিদিন দশ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে এবং এখন একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে প্যাস্টাইনের বিরুদ্ধে এথনিং ক্লিনজিং বন্ধের দাবি জানাই।"

‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ, নির্বিচারে ফিলিস্তিনি জনগণ হত্যা বন্ধ এবং  স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে'  ওয়ার্কার্স পার্টি দেশব্যাপী কর্মসূচি পালন করছে। 

চট্টগ্রামের সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য, নাসিরুদ্দিন মাহমুদ, মোখতার আহমেদ, আবু সৈয়দ বলাই, সুপায়ন বড়ুয়া, মহসিন ও খোকন মিয়া। 

যুক্তরাষ্ট্র- ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠনের জন্য বক্তারা আহবান জানান।