২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ক্যাম্পাসে বাইরের মোটর সাইকেল ঢোকা নিষেধ

সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহায়তায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 09:28 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

দুর্ঘটনা এড়াতে বহিরাগতদের মোটর সাইকেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তির বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত কিছু মোটর সাইকেল বিনা অনুমতিতে প্রবেশ করার অভিযোগ পাওয়া যায়। এসব মোটর সাইকেল আরোহীর ট্রাফিক আইন অমান্য ও বেপরোয়া গতির কারণে ইতোমধ্যে দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। 

“এসব ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মোটর সাইকেল ব্যতীত বহিরাগতদের মোটর সাইকেল ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।” 

এই সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহায়তায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।