২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম সংস্কার করেছিলেন জিয়াউর রহমান: খসরু

“সংস্কার সংস্কার যারা বলে, তারা এগুলো বোঝে নাই, চিন্তা করে নাই,” বলেন তিনি।

দেশের প্রথম সংস্কার করেছিলেন জিয়াউর রহমান: খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 06:44 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

স্বাধীনতার পর ‘একদলীয়’ শাসন থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ‘বহুদলীয় গণতন্ত্র’ চালু করেছিলেন মন্তব্য করে সেটিকে দেশের ‘প্রথম সংস্কার’ হিসেবে বর্ণনা করেছেন দলটির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “এই যে সংস্কারের কথা বলছে, প্রথম সংস্কার করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটি হল- একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র। এটি ছিল প্রথম সংস্কার বাংলাদেশের। সংস্কার সংস্কার যারা বলে, তারা এগুলো বুঝে নাই, চিন্তা করে নাই।

“দ্বিতীয় সংস্কার হল সরকারচালিত অর্থনীতি, যার মাধ্যমে আওয়ামী লীগের বাকশালীরা লুটপাট করে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। সেখানে জিয়াউর রহমান তৃতীয় সংস্কার করেছিলেন, মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে।”

সোমবার দুপুরে চট্টগ্রামের ষোলশহর বিপ্লব উদ্যানে বিজয় দিবসের শোভাযাত্রার আগে সমাবেশে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।

স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে মন্তব্য করতে তিনি বলেন, “স্বাধীনতার পর যখন বাকশাল হয়, এই বাকশালের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মুখ বন্ধ ঘোষণা করে দেয়। সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেয়। বিচার বিভাগকে নিয়ন্ত্রিত করে এবং মুক্তিযুদ্ধসহ দেশের মানুষের উপর গুম, খুন, নিপীড়ন, নির্যাতন চালানো হয়। সেখান থেকে আবারো মুক্ত করেছিলেন জিয়াউর রহমান।”

বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে আমীর খসরু বলেন, প্রায় ৫০টি দলের ঐক্যমত্যে আমরা আমাদের ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে পালন করব।

“এখন কী সংস্কার হবে না হবে, আমরা সেটার সহযোগিতা করতে রাজি আছি। এটা যাদের কাজ, সেটা হচ্ছে আগামী সংসদের কাজ। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে।

“বিগত দিনের রাজনীতিবিদরা যেহেতু সফল হয়নি, তার জন্য রাজনীতিবিদরা জনগণের কাছে দায় বদ্ধ থাকবে। রাজনীতিবিদরা তার পরিপ্রেক্ষিতে তাদের আগামী দিনের রাজনৈতিক পথ সঠিক পথে চালাবে। সেটাই গণতন্ত্র, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই,” বলেন তিনি।

খসরু বলেন, “আজকের এইদিনে চট্টগ্রামের গুরুত্ব অনেক বেশি। বিপ্লব উদ্যান থেকে জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিল। প্রধান এবং প্রথম মুক্তিযোদ্ধা হচ্ছেন জিয়াউর রহমান। এই চট্টগ্রাম থেকে চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে প্রথম তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।

“আজকের স্বাধীনতা পাওয়ার পেছনে যুদ্ধের যে প্রেরণা, স্বাধীনতা যুদ্ধের যে প্রেরণা, সেটা চট্টগ্রাম থেকে শুরু হয়েছে এবং এ অঞ্চল থেকে শুরু হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের।”

চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান সমাবেশে উপস্থিত ছিলেন।