ইয়াবাসহ গ্রেপ্তার: পটিয়া পৌর ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
মঙ্গলবার রাতে ইয়াবাসহ গ্রেপ্তার হন গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও তার এক সহযোগী।
চট্টগ্রামের পটিয়াতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভীকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।
বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় মঙ্গলবার রাতে এক হাজার ৪০০টি ইয়াবাসহ গ্রেপ্তার হন গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও তার সহযোগী আশরাফুল ইসলাম শাওন (২১)।
বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সংসদকে সুপারিশ করা হয়েছে।”
পটিয়া থানার ওসি রেজাউল করিম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদ পেয়ে জঙ্গলখাইন ইউনিয়ন থেকে এক হাজার ৪০০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করি। তাদের রাজনৈতিক পরিচয় আমাদের জানা নেই।”
এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে; গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
