Published : 03 Aug 2026, 05:24 PM
দুবাইফেরত এক যাত্রীর অন্তর্বাসে করে আনা ‘গোল্ড পেস্ট’ ও স্বর্ণালঙ্কার জব্দ করার কথা জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এ চালান জব্দ করা হয় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, দুবাই থেকে বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাংলাদেশি মোহাম্মদ তুষার (৩৩)। সিআইআইডির তথ্যের ভিত্তিতে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের কর্মকর্তারা তাকে যৌথভাবে নজরে রাখেন।
পরে কাস্টমস হলে তল্লাশির সময় তুষারের অন্তর্বাসে ‘বিশেষ কৌশলে’ রাখা সোনার পেস্ট ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, উদ্ধার করা সোনার পেস্টের পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ গ্রাম এবং পাঁচটি চুড়িসহ স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ১০০ গ্রাম।
তুষারের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণের দিঘলগাঁও গ্রামে। তার কাছ থেকে পাসপোর্ট, স্মার্টফোন এবং বোর্ডিং পাস জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।