চীনের সব এআই মডেল মিলে সম্মিলিতভাবে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মোট আয়ের কেবল প্রায় ১০ শতাংশ। ছবি: রয়টার্স
Published : 18 Sep 2026, 10:16 AM
মার্কিন এআই কোম্পানি ওপেনএআই ও অ্যানথ্রপিকের আয় চীনের সব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানির সম্মিলিত আয়েরও ১০ গুণ বলে উঠে এসেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে।
চীনের এআই মডেলগুলোর দ্রুত গ্রহণযোগ্যতা বাড়লেও তা এখনও পর্যাপ্ত আয়ে রূপান্তর ঘটছে না, যা কোম্পানিগুলোর মূল্যায়ন নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
মার্কিন গবেষণা কোম্পানি ‘রোডিয়াম গ্রুপ’-এর প্রকাশিত অনুমান অনুসারে, চীনের সব এআই মডেল মিলে সম্মিলিতভাবে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মোট আয়ের কেবল প্রায় ১০ শতাংশ।
বার্ষিক আয়ের এ হিসাবটি করা হয়েছে ‘অ্যানুয়াল রিকারিং রেভিনিউ’ বা এআরআর নামের এক মানদণ্ডের ওপর ভিত্তি করে, যেখানে সাম্প্রতিক মাসিক উপাত্তকে ১২ দিয়ে গুণ করে দ্রুত প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে।
রোডিয়ামের প্রতিবেদন অনুসারে, চীনের প্রধান বিভিন্ন এআই কোম্পানির মধ্যে ডিপসিকের এআরআর ছিল সবচেয়ে কম, ৫০ কোটি ডলার। এরপরই ‘মিনিম্যাক্স’-এর আয় ছিল ৮০ কোটি ডলার ও ‘মুনশট’-এর আয় ১০০ কোটি ডলার।
সিএনবিসি’র দেখা ট্রান্সক্রিপ্ট অনুসারে, ‘জেড ডটএআই’ বিনিয়োগকারীদের বলেছে, তাদের সর্বশেষ এআরআর ছিল ১৮০ কোটি ডলার।
রোডিয়াম বলেছে, বাইটড্যান্সের ৪০০ কোটি ডলার ও আলিবাবার ২৪০ কোটি ডলার আয় থাকলেও তা একা ওপেনএআইয়ের চার হাজার কোটি ডলারের চেয়ে অনেক কম এবং অ্যানথ্রপিকের সাড়ে ছয় হাজার কোটি ডলারের আশপাশে আসার প্রশ্নই আসে না।
এই কম রাজস্ব বা আয় চীনা বিভিন্ন স্টার্টআপের প্রতি বিনিয়োগকারীদের মূল্যায়নের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
রোডিয়াম প্রতিবেদনে লিখেছে, “বর্তমান সময়ে মুনশট ও ডিপসিকের আয়ের তুলনায় তাদের মূল্যায়ন বেশি বলে মনে হচ্ছে।”
বিশ্লেষকরা এ দুটি স্টার্টআপের ক্ষেত্রে যথাক্রমে ৫০ গুণ ও ১৬৩ গুণ অনুপাতের অনুমান করেছেন। এই হার ওপেনএআইয়ের জন্য ৩৪ গুণ ও অ্যানথ্রপিকের জন্য ২১ গুণের তুলনায় বেশি।
অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রে আইপিও’র জন্য আবেদন করতে পারে। অন্যদিকে ওপেনএআই তাদের আইপিও পরিকল্পনা পিছিয়েছে।
এদিকে, মুনশট হংকংয়ে আইপিওর জন্য গোপনে আবেদন করেছে বলেও জানা গেছে এবং ডিপসিকও প্রস্তুতি নিচ্ছে।
গোপন আবেদনের বিষয়ে মুনশট বলেছে, তারা বাজারের গুজব বা জল্পনা নিয়ে কোনো মন্তব্য করে না। ডিপসিক ও অ্যানথ্রপিক সিএনবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
মার্কিন শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর নির্বাহীরা এআই খুব দ্রুত উন্নত করার ঝুঁকি সম্পর্কে সতর্ক করার পর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শেয়ারের দরপতন ঘটেছে।
চীনের প্রধান এআই ল্যাবগুলোর নেতারা এখনও এ বিষয়ে মন্তব্য করেননি।
জেডডটএআইয়ের নতুন পূর্বাভাস
চীনের এআই মডেলগুলোর রাজস্ব সংক্রান্ত সীমাবদ্ধতার মধ্যেও নতুন আশার বাণী শুনিয়েছে জেডডটএআই। রোডিয়াম গ্রুপের প্রাথমিক মূল্যায়নের বাইরে জেডডটএআই বুধবার বলেছে, এ বছরের শেষ নাগাদ তাদের বার্ষিক পুনরাবৃত্ত আয় আগের পূর্বাভাস দেওয়া ২৪০ কোটি ডলার থেকে বেড়ে ৩০০ কোটি ডলারে পৌঁছাবে।
রোডিয়াম গ্রুপ বলেছে, চীনা এআই ল্যাবগুলো এমন সব উপায় খুঁজছে যার মাধ্যমে বিভিন্ন থার্ড-পার্টি প্ল্যাটফর্ম থেকে যেন বেশি আয় করা যায়।
এসব থার্ড-পার্টি এআই মডেলগুলোতে প্রবেশাধিকার দেয়, যা ওপেন-সোর্সের কারণে পর্যাপ্ত সক্ষমতাওয়ালা হার্ডওয়্যারধারী যে কোনো ব্যক্তি ডেভেলপারদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে তা ডাউনলোড ও চালাতে পারে।
বিপরীতে, মার্কিন মডেলগুলো ক্লোজড সোর্স। এআই কোম্পানি ‘আর্টিফিশিয়াল অ্যানালিসিস’-এর তথ্য অনুসারে, ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর প্রতি টাস্কের খরচ চীনা বিভিন্ন মডেলের তুলনায় বেশি।
রোডিয়াম গ্রুপের অংশীদার লোগান রাইট বলেছেন, “অর্থায়নের এই ব্যবধানের মানে চীনা ফ্রন্টিয়ার এআই ল্যাবগুলোর পক্ষে টেকসইভাবে বড় হওয়া কঠিন হবে।”
তিনি গবেষণা বিশ্লেষক এন্ডেভিয়র তিয়ানকে সঙ্গে নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন।
“তারা ইক্যুইটি বাজারের অনুকূল পরিবেশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হবে, যা চীনে সহজ কোনো বাজি নয়। কম্পিউট ক্যাপাসিটি বা কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে হার্ডওয়্যারের দিক থেকে সরকারি তহবিল সহায়ক হয়েছে। তবে একইভাবে ফ্রন্টিয়ার ল্যাবগুলোতে সরাসরি অর্থায়নের ক্ষেত্রে সম্ভবত তারা পিছিয়ে থাকবে।”
রোডিয়াম অনুমান করেছে, চীনা এআই চিপ ও সার্ভারে ইক্যুইটি বিনিয়োগের ৬০ শতাংশেরও বেশি এসেছে রাষ্ট্রীয় সংশ্লিষ্ট উৎস থেকে।
তালিকাভুক্ত চীনা এআই কোম্পানিগুলোর জন্য বছরটি বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। দুই মাসের মধ্যে তাদের দ্বিতীয় বড় তহবিল সংগ্রহের খবরের পর এ সপ্তাহের শুরুতে পতন হওয়া থেকে ঘুরে দাঁড়িয়ে বৃহস্পতিবার সকালে জেডডটএআইয়ের শেয়ারের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
গ্রীষ্মকালে হংকং-এ লেনদেন হওয়া এ শেয়ারের দাম সংক্ষিপ্ত সময়ের জন্য তিনগুণেরও বেশি হলেও পরে তা নেমেছে।
এ ছাড়া, প্রতিদ্বন্দ্বী মিনিম্যাক্সের শেয়ারও বসন্তে উল্লম্ফনের পর সাম্প্রতিক মাসগুলোতে তাদের আইপিও-সংক্রান্ত লাভের মাত্রা ধরে রাখতে হিমশিম খাচ্ছে।