২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহরণ করে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে চাঁদা আদায়ে এক ব্যক্তিকে আটকে রেখে মারধরের অভিযোগে ‍দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 08:56 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

গ্রেপ্তার দুই জন হলেন- মো. সাজ্জাদ (২২) ও মো. রাব্বি (২১)।

বুধবার রাতে বন্দর নগরীর হালিশহর থানার সবুজবাগ জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় আটকে রাখা যুবককে।

জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ আটকে রাখা যুবকের স্ত্রীর ফোন পেয়ে অভিযান চালায় পুলিশ।

উদ্ধার করা যুবকের নাম মো. আকাশ (২৭)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়, চট্টগ্রামে তিনি রিকশা চালান।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে যুবককে আটকে রেখে টাকা দাবি করা হয়েছে তিনি দুই মাস আগে স্ত্রীকে নিয়ে কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম এসে বাসা ভাড়া নিয়েছেন।

কয়েক দিন আগে গ্রেপ্তার সাজ্জাদ তার এক সহযোগীকে নিয়ে আকাশের ভাড়া বাসায় গিয়ে তাদের কাবিননামা দেখতে চায় এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

পরদিন আকাশ বাড়ি থেকে কাবিননামার ছবি এনে দেখানোর পর অপহরণকারীরা জানায়, ওই বাসায় থাকতে হলে ওই দম্পতিকে ৭ হাজার টাকা দিতে হবে।

ওসি জহিরুল জানান, “বুধবার সন্ধ্যায় আকাশ বাসা থেকে বের হয়ে দোকানে যাবার সময় সাজ্জাদ তার সহযোগীদের নিয়ে তাকে সবুজবাগ জামে মসজিদ সংলগ্ন মাঠের কাছে একটি ঘরে নিয়ে আটকে রেখে চড়থাপ্পড় মারে এবং সাত হাজার টাকা চায়।

“আকাশের স্ত্রী জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদ ও রাব্বিকে আটক এবং আকাশকে উদ্ধার করে।”

ওসি জহিরুল জানান, গ্রেপ্তার দুই জনের কাছ থেকে একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরও তিন থেকে চারজন ছিলেন। অভিযানে দুই জন ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় আকাশের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান ওসি।