২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় বাড়িতে হামলা চালিয়ে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গভীর রাতে এক ট্রাক্টর চালকের বাড়িতে হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 02:34 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পদুয়া ইউনিয়নের আজিমনগর মহিষের বাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মোহাম্মদ এনাম (৩০) ওই এলাকায় ট্র্রাক্টর চালাতেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান ছিলেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে অজ্ঞাতপরিচয় কিছু লোক এনামের বাড়িতে হামলা করে। তখন সে পাশের বাড়িতে লুকিয়ে পড়লে সেখানে গিয়ে তাকে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। সেখানেই এনামের মৃত্যু হয়।”

এনামের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “তার মাথা ও বুকে গুলি লেগেছে।”

বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।