কোভিড টিকার বিশেষ কর্মসূচিতে চট্টগ্রামে সাড়া কম
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বিশেষ টিকাদান কর্মসূচিতে চট্টগ্রামে সাড়া মিলেছে কম, এক দিনে প্রতিষেধক নিয়েছেন এক লাখ ৮২ হাজার জন।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রামের ১৪ উপজেলা এবং চট্টগ্রাম মহানগরী এলাকার বিভিন্ন কেন্দ্রে এই টিকাদান চলে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, চট্টগ্রামের ১৪ উপজেলায় মোট এক লাখ ৪১ হাজার ৩০৯ জন টিকা দিয়েছেন। যদিও লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ১৫ হাজার জন। অপরদিকে চট্টগ্রাম মহানগরীতে এদিন ৪১ হাজার মানুষ এ বিশেষ কর্মসূচিতে টিকা নিয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, ৪১টি ওয়র্ডের ৮৪টি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন ৪৭ হাজার টিকাদানের লক্ষ্যমাত্রা থাকলেও টিকা নিয়েছেন ৪১ হাজার মানুষ।
মঙ্গলবার দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে বুস্টার ও দ্বিতীয় ডোজ টিকাদানের এ বিশেষ কর্মসূচি পালিত চলে।
