২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপ্ত টিভির আরও ৩ জনেরও জামিন

সানোয়ারা গ্রুপের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় গ্রেপ্তার দীপ্ত টিভির দুই পরিচালকসহ এক কর্মকর্তাও জামিন পেয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 09:05 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

দীপ্ত টিভির দুই পরিচালক হলেন কাজী জাহিন হাসান ও কাজী রাবেত হাসান। অন্যজন হলেন চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহম্মদ।

মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালতে শুনানি শেষে তাদের জামিন দেওয়া হয়।

বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।”

এরআগে সোমবার দুপুরে এ সংক্রান্ত তিন মামলায় দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসানসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত। পরে বিকালে কাজী জাহেদুল হাসানকে জামিন দেওয়া হয়।

দুপুরে কারাগারে পাঠানোর আদেশ, বিকালে জামিন  

চারজনই উচ্চ আদালত থেকে তিন মামলায় ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক তারা সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

শিল্প গোষ্ঠী কাজী ফার্মস গ্রুপেরও এমডি কাজী জাহেদুল হাসান। এই শিল্প গোষ্ঠীর অধীন কাজী মিডিয়ার একটি প্রতিষ্ঠান দীপ্ত টিভি।

দীপ্ত টিভিতে ২০১৬ সালে প্রচারিত একটি সংবাদের জেরে চট্টগ্রামের চান্দগাঁও এবং চকবাজার থানায় মামলা তিনটি করেছিলেন আরেক শিল্প গোষ্ঠী সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজের দুই কর্মকর্তা।

সানোয়ারা গ্রুপের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তার ছেলে মুজিবুর রহমান সানোয়ারা গ্রুপের এমডি। দীপ্ত টেলিভিশনে প্রচারিত সংবাদে তাদের মানহানির অভিযোগে মামলাগুলো করা হয়েছিল।

২০১৬ সালের ২২ মার্চ দীপ্ত টিভির সংবাদে ‘চট্টগ্রামে কাজী ফার্মের কর্মীদের উপর হামলা ও মন্ত্রীপুত্রের ভূমি দখলের পায়তারা’ শীর্ষ একটি প্রতিবেদন এবং ওই বছরের ৩১ মার্চ  ‘চট্টগ্রামে এক প্রবাস ফেরত ব্যক্তির জমি দখল করে ভবন তৈরি করছে এক মন্ত্রীর ছেলে’ শীর্ষক আরেকটি সংবাদ প্রচারের অভিযোগ করা হয় মামলার এজাহারে।

এতে সংসদ সদস্যের এবং তার ছেলের সুনামক্ষুণ্ন এবং মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারা লঙ্ঘনের অভিযোগে তিনটি মামলা হয়।

এরমধ্যে চান্দগাঁও থানায় সানোয়ারা গ্রুপের ম্যানেজার (ভূমি) শেখ আহমদের করা মামলাটিতে এই চারজনসহ মোট আসামি ৯ জন। একই ব্যক্তি চকবাজার থানায় এই চারজনসহ মোট ৭ জনকে আসামি করে একই আইনে অন্য একটি মামলা করেন।

এছাড়া সানোয়ারা পোল্ট্রি এন্ড হ্যাচারির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম চান্দগাও থানায় কাজী জাহেদুল হাসান, কাজী জাহিন হাসান, কাজী উরফী আহম্মদ এবং দীপ্ত টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি রুনা আনসারিকে আসামি করে ৫৭ ধারায় আরেকটি মামলা করেন।