সাতকানিয়ায় স্ত্রীকে খুন করার অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে লাশ পুঁতে করে রাখার ঘটনায় এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের মিটা দিঘী এলাকায় একটি ঘরের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান।
নিহত শামসুন নাহারের (২৫) বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে। কয়েক বছর আগে তার সঙ্গে রোহিঙ্গা যুবক মো. বাবুল মিয়ার (৩৪) বিয়ে হয়। বছর খানেক ধরে তারা সাতকানিয়ার ছদহা ইউনিয়নে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
ওসি তারেক মো. হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গত শুক্রবার রাতে বাবুল পারিবারিক কলহের জেরে তার স্ত্রীকে গলাটিপে খুন করে লাশ সেপটিক ট্যাংকে পুঁতে রাখেন। পরদিন সে তার শ্বশুড় বাড়িতে ফোন করে শামসুন নাহার অসুস্থ বলে জানান।
“খবর পেয়ে নিহতের বোন ও স্বজনরা শনিবার সাতকানিয়ায় এসে বাবুলের কাছে শামসুন নাহারের খোঁজ জানতে চান। বাবুল তদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন স্থানে তাদের ঘোরাতে থাকেন।”
ওসি জানান, “সোমবার শামসুন নাহারের স্বজনরা বিষয়টি সাতকানিয়া পুলিশকে জানানোর পর বাবুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে তার স্ত্রীকে খুন করে লাশ পুঁতে রাখার তথ্য পুলিশের কাছে স্বীকার করে।”
পরে বাবুলের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি তারেক মো. হান্নান।
জিজ্ঞাসাবাদে বাবুল জানিয়েছেন, এক দশক আগে মিয়ানমার থেকে তিনি বাংলাদেশে এসে বসবাস করতে থাকেন। কক্সবাজারের চৌফলদণ্ডীর বাসিন্দা শামসুন নাহারকে বিয়ে করেন। প্রথমে কক্সবাজার থাকলেও বছর খানেক আগে সাতকানিয়ায় ঘর ভাড়া নেন।
