পটিয়ায় লরি চাপায় দুই যুবক নিহত
চট্টগ্রামের পটিয়ায় তেলবাহী লরি চাপায় বাইসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন মো. মামুন (২৪) ও মো. ইমন (২২)। তাদের বাড়ি পটিয়ার কচুয়াই ইউনিয়নে।
মঙ্গলবার বিকালে উপজেলার ভাইয়ার দিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির এসআই মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিকাল পৌণে ৫টার দিকে কক্সবাজারগামী একটি তেলবাহী লরি বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।”
দুর্ঘটনার পরপরই লরিটি আটক করে চালক জামাল উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এসআই রুহুল আমিন জানান, নিহত দুই জনই প্রতিবেশী। তাদের একজন স্থানীয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এবং আরেকজন স্মাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
