সীতাকুণ্ডে বাইক দুর্ঘটনায় আরোহী-পথচারী দুই নারীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটর সাইকেল দুর্ঘটনায় এক পথচারীসহ দুই নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন চালক, যিনি নিহত এক নারীর স্বামী।
বুধবার সকালে উপজেলার ফৌজদারহাট জলিল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার এসআই আমির উদ্দিন জানান, ২০ থেকে ২৫ জন বাইকারের একটি দল ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে জলিল গেইট এলাকায় 'মানসিক প্রতিবন্ধী' এক নারী রাস্তার মাঝ বরাবর চলে আসে।
“দ্রুতগতিতে ছুটে চলা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর মোটর সাইকেল আরোহী দুজনও রাস্তায় পড়ে আহত হয়।”
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়া ২৬ বছর বয়সী আনিকাও মারা যান।
আনিকার স্বামী আব্দুল মোমিন রশীদ ওই মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাদের বাসা ঢাকার মোহাম্মদপুর আনসারক্যাম্প এলাকায়। ৩৬ বছর বয়সী রশীদকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছে পুলিশ।
