২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ আনন্দে মুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্র

বন্দরনগরী চট্টগ্রামে ঈদের ছুটিতে পর্যটক, দর্শনার্থীর ভিড় বেড়েছে বিনোদন কেন্দ্রে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 10:13 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

ঈদের দিন বেশিরভাগ মানুষ পশু কোরবানি এবং মাংস বিতরণ ও ভাগাভাগিতে ব্যস্ত থাকায় বিনোদন কেন্দ্র কিছুটা ফাঁকা ছিল। তবে ঈদের পরদিন সোমবার ভিড়ে ঠাসা ছিল চট্টগ্রামের সমুদ্র সৈকত, বিনোদন কেন্দ্র আর চিড়িয়াখানা।   

পতেঙ্গা সৈকত, ফয়’স লেক, চিড়িয়াখানা, শিশু পার্কের পাশাপাশি কর্ণফুলী নদীর পাড় এবং বিভিন্ন পার্কে সমাগম ঘটে বিভিন্ন বয়সী মানুষের।

সোমবার পতেঙ্গা সৈকতে যেন জনস্রোত সৃষ্টি হয়। হাজারো মানুষের এই মিলনমেলায় কেউ মেতে ওঠেন সমুদ্র স্নানে, অনেকে চড়েন স্পিডবোটে, কেউ কেউ ঘোড়ার পিঠে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটান সৈকতে।

শফিকুল ইসলাম নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “গত দুই বছর মহামারীর কারণে কোথাও যাওয়া হয়নি। রোজার ঈদে ছুটি বেশি ছিল, তাই চাঁদপুরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এ ঈদে ছুটি কম, তাই বাড়ি যাইনি। স্ত্রী-সন্তান আর বন্ধুদের নিয়ে এখানে বেড়াতে এসেছি।”

তিনি বলেন, “এত বেশি লোক হবে তা কল্পনা করতে পারিনি। এখানে ভিড়ের কারণে মোবাইলের ইন্টারনেটও পাওয়া যাচ্ছে না। গাড়ি ভাড়াও বেশি দিয়ে আসতে হয়েছে। তারপরও ভালো লাগছে পরিবারের সাথে সময় কাটাতে পেরে।”

এদিকে ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে সমুদ্র সৈকতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ মানুষ যাতে খুশি মনে ঘুরতে পারে তাই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকতে ফুট পেট্রোল, মোটর সাইকেল, মোবাইল টহল বাড়ানো হয়েছে, যাতে নারী পর্যটকরা কোনো হয়রানির শিকার না হয়।”   

Image
ঈদের ছুটিতে সোমবার পরিবার পরিজন নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে আনন্দে মাতেন অনেকে। ছবি: সুমন বাবু

ঈদের ছুটিতে সোমবার পরিবার পরিজন নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে আনন্দে মাতেন অনেকে। ছবি: সুমন বাবু

সৈকতে হাঁটার স্থানে কেউ যেন মোটর সাইকেল নিয়ে প্রবেশ করতে না পারে, সেজন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।

পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি ভিড় দেখা গেছে সাগরের সঙ্গে লাগোয়া মেরিন ড্রাইভেও। অনেকেই সৈকতে প্রবেশ না করে সড়কের পাশে সমুদ্র তীরে বসে গল্প-আড্ডায় মেতেছেন।

পতেঙ্গা সৈকতের পাশাপাশি পারকী সৈকতেও লোকসমাগম ঘটেছে অনেক। এছাড়া চিড়িয়াখানা, ফয়’স লেক ও সি ওয়ার্ল্ডের মত বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম ছিল চোখে পড়ার মত।

ফয়’স লেক এমিউজমেন্ট পার্ক পরিচালনাকারী সংস্থা কনকর্ডের উপ-ব্যবস্থাপক (বিপনন) বিশ্বজিৎ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দিন বেলা ২টা থেকে খোলা হয়েছিল ফয়’স লেক ও সি ওয়ার্ল্ড। বন্ধ হয়েছিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। চার-পাঁচ ঘণ্টায় অনেক মানুষের সমাগম হয়েছিল।”

সোমবার সকাল থেকে অনেক বেশি লোক সমাগম হয়েছে উল্লেখ করে বিশ্বজিৎ জানান, বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় পাঁচ হাজারের মতো মানুষ টিকিট কেটে ফয়’স লেক এবং সী ওয়ার্ল্ডে প্রবেশ করেছে।

বিশ্বজিৎ বলেন, “এবার ঈদে ছুটি কম। তাই মনে হচ্ছে চট্টগ্রামের বাইরের লোকজন কম এসেছে। তবে রোজার ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটক এসেছিলেন।”

Image
চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে ঈদের পরদিন সোমবার বিকালে মানুষের ঢল। ছবি: সুমন বাবু

চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে ঈদের পরদিন সোমবার বিকালে মানুষের ঢল। ছবি: সুমন বাবু

অনেকেই প্রবেশ করছেন পাশের চিড়িয়াখানায়। সাদা বাঘ, উট পাখি, এমুপাখি, জেব্রাসহ বিভিন্ন ধরনের পাখিগুলো আকৃষ্ট করছে দর্শনার্থীদের।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ হোসেন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টিকিট কেটে ১০ হাজারের বেশি দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেছেন।

“অতীত অভিজ্ঞতায় দেখা গেছে কোরবানির ঈদের চেয়ে রোজার ঈদেই বেশি দর্শনার্থীর ভিড় হয় চিড়িয়াখানায়। কোরবানিতে অনেকেই গ্রামের বাড়িতে চলে যায়।”

বায়েজিদ লিংক রোড, সিআরবি, সদরঘাট, অভয়মিত্র ঘাট, ব্রিজঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড়েও এদিন বিপুল জনসমাগম ঘটেছে। সবাই এসেছিলেন বেড়াতে।