চুরি করা ওষুধসহ চট্টগ্রাম মেডিকেলের ৪ ওয়ার্ড বয় গ্রেপ্তার
চুরি করা ওষুধ এবং অপারেশনের সরঞ্জামসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দিনের ব্যবধানে চার ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিলীপ কুমার নাথ, আশীষ দাশ ও পলাশ ধর নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৭ জুলাই গ্রেপ্তার করা হয় সুমন বড়ুয়া নামে অপর একজনকে।
গ্রেপ্তার চারজনের বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। ঠিকাদারের অধীনে অস্থায়ী চুক্তিতে তারা বিভিন্ন ওয়ার্ডে ‘স্পেশাল ওয়ার্ড বয়’ হিসেবে কাজ করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “প্রায় ৫০ হাজার টাকার ওষুধ চুরি করে নেওয়ার সময় এক ওয়ার্ড বয়কে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা করে জানিয়ে তিনি বলেন, “মামলার অনুসন্ধান করতে গিয়ে আরও তিন ওয়ার্ড বয়কে আজকে হাসপাতাল থেকে চুরি করা ওষুধসহ গ্রেপ্তার করা হয়।”
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতাল থেকে ওষুধ চুরি করে বাইরে বিক্রি করতে নেওয়ার সময় সুমন বড়ুয়াকে ধরা হয়েছিল।
“তার কাছ থেকে এ চক্রের সাথে আরও কারা কারা জড়িত সে ধরনের কিছু তথ্য পাওয়া যায়। সে তথ্যের ভিত্তিতে হাসপাতাল ভবনের নিচ তলার ৪ নম্বর লিফটের কাছ থেকে তিনজনকে আটক করা হয়।”
তিনি জানান, তাদের কাছ থেকে অপারেশনের সময় ব্যবহার করা বিভিন্ন ধরনের স্যালাইন, ক্রিম, টেপ উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
এসআই আশেক বলেন, “হাসপাতালের অপারেশনের রোগীদের এসব স্যালাইন এবং ওষুধ সরবরাহ করার কথা। কিন্তু তারা চুরি করে খোলা বাজারে বিক্রি করে দেন।”
এ চক্রের সঙ্গে হাসপাতালের একজন স্থায়ী কর্মচারীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, “সে কর্মচারীটি এখন পলাতক। তাকে ধরতেও আমরা চেষ্টা করছি।”
