চেনা রূপে ফিরল চট্টগ্রামের ঈদ জামাত
চেনা রূপে ফিরেছে চট্টগ্রামের ঈদ উদযাপন, ঈদ জামাতে এক কাতারে ফিরেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সব শ্রেণিপেশার মানুষ।
রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে বন্দরনগরীর প্রধান ঈদ জামাত হয়। ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে।
ঈদের নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাস সংক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির প্রার্থনা করা হয়।
শিক্ষা উপমন্ত্রী ও কোতোয়ালি আসনের এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ এ মসজিদেই ঈদের নামাজ পড়েন।
চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে রোববার কোরবানির ঈদের নামাজ শেষে কোলাকুলি। ছবি: সুমন বাবু
নামাজ শেষে সব বয়সী মানুষ একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সম্পদের সঠিক ব্যবহার করার জন্য বলেছেন। কোরবানির পশুর যে চামড়া, তা যথাযথভাবে সংরক্ষণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করি।
“সেই বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা জ্বালানি আমদানি করি। সারা পৃথিবীতে এখন জ্বালানির দাম বেড়ে গেছে। আমরা যারা কোরবানি দিচ্ছি, তাদের সবারই ভূমিকা আছে। আমরা যদি ভালোভাবে চামড়া সংরক্ষণ করি, তাহলে বৈদেশিক মুদ্রায় জ্বালানি ক্রয় করতে পারব।”
চামড়া জাতীয় সম্পদ, তাই এর সঠিক সংরক্ষণের আহ্বান জানিয়ে নওফেল বলেন, “প্রধানমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হতে, সাশ্রয়ী হতে বলেছেন। সারা পৃথিবীতে জ্বালানির দাম বেড়ে গেছে। আমাদের উপর এ চাপটা আসবে। সবাই সেটা সম্মিলিতভাবে মোকাবেলা করব, এটাই এবার ঈদুল আজহার অঙ্গীকার হোক।”
চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরী প্রতিবারের মত নিজ এলাকায় বহদ্দারবাড়ি শাহী জামে মসজিদে ঈদের নামাজ পড়েন।
চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে রোববার সকালে কোরবানির ঈদের জামাত। ছবি: সুমন বাবু
এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদসহ বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত হয়।
ঈদের নামাজ শেষে বাড়ি ফিরে শুরু হয় পশু কোরবানির পালা। বরাবরের মতই পাড়া-মহল্লার অলিগলি এবং ভবনের নিচে পশু কোরবানি দেওয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা ইতোমধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন।
এবার বিকাল ৪টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে সিটি করপোরেশন।
