ঢাকা থেকে চট্টগ্রামে জাল টাকার সরবরাহ, গ্রেপ্তার ১
ঢাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশে নিজের কাছে রাখা সাত লাখ টাকার জাল নোটসহ এক তরুণকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার মো. আশরাফুল ইসলাম (২০) এর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের কাছে একটি দোকান থেকে শুক্রবার জাল নোটগুলো উদ্ধার করে আশরাফুলকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ সাংবাদিকদের জানান, উদ্ধার করা জাল টাকাগুলোর সবই এক হাজার এবং ৫০০ টাকার নোট।
গ্রেপ্তার তরুণকে জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরে তিনি বলেন, “আশরাফুল জানিয়েছে, জাল নোটগুলো সে ঢাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করে।”
এসব জাল নোট তৈরির করাখানা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান, কোরবানির ঈদ সামনে রেখে জালনোট তৈরির একটি চক্র সক্রিয় হয়ে ওঠার তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার আশরাফের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেছে র্যাব।
