প্রান্তিক জনগোষ্ঠীর এতো উন্নয়ন আগে কখনও হয়নি: হাছান
সরকার গত সাড়ে তের বছরে অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর যে উন্নয়ন করেছে তা বাংলাদেশে আগে কখনও হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি এও বলেছেন, “উন্নত ও উন্নয়নশীল দেশেও এভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভেবে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়নি।”
শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, “এই দেশে অনেকেই ক্ষমতায় ছিল, কেউ কিন্তু পাসপোর্টে কিংবা সরকারি ফর্মে তৃতীয় লিঙ্গ লেখার সুযোগ করে দেয় নাই। তৃতীয় লিঙ্গের মানুষের কোনো স্বীকৃতি আগে ছিল না। তাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে চাকরিতে বিশেষ কোটা রাখা হয়েছে।
“…অনেক ক্ষেত্রে যে মানুষদেরকে পরিবার অস্বীকার করে, সেই তৃতীয় লিঙ্গের মানুষের কথা ভেবেছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছে।”
বর্তমানে সরকারি অফিসে ‘বড় পদে’ তৃতীয় লিঙ্গের চাকরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “তাদের জন্য ব্যাংকে বিশেষ প্রণোদনা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা বলয়ের ক্ষেত্রেও তৃতীয় লিঙ্গকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “আজ থেকে ১৩-১৪ বছর আগের কথা ভাবুন, শুধু তৃতীয় লিঙ্গ নয়; যাদের অটিস্টিক শিশু আছে, তাদেরকে মা-বাবারা লুকিয়ে রাখত।
“আর এখন যার অটিস্টিক শিশু আছে, তিনি নিজ থেকে প্রকাশ করেন। আমাদের দেশের অটিস্টিক কিশোর-যুবকরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করে পদক নিয়ে এসেছে। এটি কেউ কখনও ভাবেনি। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কারণে এটি সম্ভবপর হয়েছে।”
পদ্মা সেতু চালু হওয়ায় এবার ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হচ্ছে দাবি করে তিনি বলেন, “এটি আমার কথা নয়, মানুষের বক্তব্য। অথচ অনলাইনে দেখলাম, বিএনপি নেতারা বক্তব্য রাখছেন মানুষের ঈদ যাত্রায় দুর্ভোগ হচ্ছে।
“আসলে মানুষ ভালো আছে বিধায় তাদের মনটা খারাপ। পবিত্র ঈদুল আযহা হচ্ছে ত্যাগের এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপনের শিক্ষা দেয় ঈদ উৎসব। আমি আশা করব, ঈদকে সামনে রেখে তারা দেশে মিথ্যাচার এবং জনগণকে বিভ্রান্ত করার রাজনীতিটা বন্ধ করবেন।”
চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার সরওয়ার কামাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহসভাপতি এম এ মোরশেদ হোসেন, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ফাল্গুনি হিজড়া।
