হাইড্রোজেন পার অক্সাইড পরিবহন সীমিত করেছে সিঙ্গাপুর বন্দর
চালানের মজুদ বেড়ে যাওয়ায় সিঙ্গাপুর বন্দরে হাইড্রোজেন পার অক্সাইড পরিবহন সীমিত করার উদ্যোগ নিয়েছে।
সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন শিপিং অপারেটরকে চিঠি দিয়ে চালান পরিবহন সীমিত করার বিষয়টি জানিয়েছে।
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনায় বিপুল সংখ্যক লোক হতাহত হওয়ার ঘটনায় হাইড্রোজেন পার অক্সাইডের মজুতের বিষয়টি উঠে আসার পর সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ এমন ঘোষণা দিল।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়শেনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিঙ্গাপুর বন্দর আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। ওই বন্দর ট্রানশিপমেন্ট হিসেবে ব্যবহার হয়ে বিভিন্ন গন্তব্যে পণ্য পাঠানো হয়ে থাকে।
“সেখানে হাইড্রোজেন পার অক্সাইডের মজুত বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে চালান সীমিত করার ঘোষণা দিয়েছে তারা। নোটিশ আকারে তারা মেইন লাইন শিপিং অপারেটরগুলোকে অবহিত করেছে।”
আরিফ বলেন, এতে রপ্তানি বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।
চট্টগ্রাম থেকে সাধারণত ছোট আকারের জাহাজে করে পণ্যবাহী কন্টেইনার সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছানোর পর সেখা্ন থেকে বড় জাহাজে তুলে গন্তব্যে পৌঁছানো হয়।
চট্টগ্রাম বন্দর দিয়ে সবচেয়ে বেশি হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি হয়ে থাকে ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাতে। সিঙ্গাপুর ও কলম্বো বন্দর হয়ে সেসব পণ্য রপ্তানি হয়ে থাকে।
