২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নবীকে নিয়ে কটু মন্তব্যের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 10:48 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন থেক অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ওই মন্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।

নবীকে নিয়ে বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার মন্তব্যের পর দেশে বিদেশে ক্ষোভের মুখে পড়ে নরেন্দ্র মোদী সরকার।

পরিস্থিতি সামাল দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য পোস্ট করায় বিজেপির যুব সংগঠনের নেতা হার্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া এক টেলিভিশন বিতর্কে নবীকে নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের পর ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত উত্তেজনা, অস্থিরতা দেখা দেয়।

বিজেপি পরে জানায়, তারা নূপুরের সদস্যপদ স্থগিত করেছে এবং সোশাল মিডিয়ায় ইসলাম নিয়ে মন্তব্যের কারণে আরেক মুখপাত্র নভিন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে। ঘরে বাইরে ক্ষোভের মুখে পরে নিজের বক্তব্য প্রত্যাহার এবং এ নিয়ে নিঃশর্ত ক্ষমা চান নূপুর শর্মা।

এসবের প্রতিবাদে মানববন্ধনে অর্থনীতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদিক বলেন, “শুধুমাত্র নূপুর গংদের প্রত্যাহার নয় এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।”

মানববন্ধনে হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারুক হাসান বলেন, “আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন এবং আমাদের এই সেন্টিমেন্টকে উনি আমলে নেবেন।”

তিনি বলেন, “আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব দ্রুত এই বিষয়ে প্রতিবাদলিপি পেশ করা হোক এবং সেখানে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুছাদ্দিকের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।