২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে জোনায়েদ সাকির উপর হামলা

সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুন-বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 08:25 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

মঙ্গলবার বেলা ৩টার দিকে নবগঠিত ‘গণতন্ত্র মঞ্চ’র নেতাদের নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকি।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখে সন্ধ্যা পৌনে ৬টায় দিকে গাড়িতে ওঠার সময় হাসপাতাল চত্বরে তাদের উপর চড়াও হয় একদল যুবক।

এতে সাকি, গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়কারী হাসান মারুফ রুমিসহ চার-পাঁচজন আহত হন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত  রুমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীতাকুণ্ডের দুর্ঘটনায় আহতদের হাসপাতালের বার্ন ইউনিটে দেখে ফিরে যাবার সময় মেডিকেলের গোল চত্বরের সামনে আমাদের বহনকারী মাইক্রোবাসে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং হেলমেট দিয়ে গাড়ি ভাংচুর করে।

ডিপোর দুর্ঘটনা পদ্মা সেতুর ‘আনন্দ অবদমনে নাশকতা’ কি না, সন্দেহ তথ্যমন্ত্রীর  

“এতে করে সাকিভাইসহ আমাদের চার-পাঁচজন আহত হয়েছে। হামলায় সাকিভাইয়ের মুখ ফেটে গেছে।”

ছাত্রলীগকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন রুমি। তবে এ বিষয়ে সরকার সমর্থক ছাত্র সংগঠনটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনারা সীতাকুণ্ডের আহতদের দেখে ফিরে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাদের বহনকারী মাইক্রোবাসে হামলা করে। এতে উনি সামান্য আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।”

এদিকে সাকির উপর হামলার নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের এক বিবৃতিতে বলা হয়, “ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ ন্যূনতম গণতন্ত্র চর্চার সুযোগ রাখছে না।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক বিবৃতিতে সাকির উপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন,“সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আহতদের সহমর্মিতা জানাতে হাসপাতালে দেখতে যাওয়া জোনায়েদ সাকির উপর হামলা কেবল কাপুরুষদের দ্বারাই সম্ভব। এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী। সরকার হিংস্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে দেশ চালাতে চায়, আজকের ঘটনা তারই প্রমাণ।”

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নেওয়া সাকি চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার আগে সীতাকুণ্ডে ডিপোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এক বক্তব্যের সমালোচনা করেছিলেন।

Image
চমেক হাসপাতালে যাওয়ার আগে বিএম ডিপোর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জোনায়েদ সাকি।

চমেক হাসপাতালে যাওয়ার আগে বিএম ডিপোর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জোনায়েদ সাকি।

চট্টগ্রামের সংসদ সদস্য হাছান মাহমুদ সোমবার চট্টগ্রামে মেডিকেলে গিয়ে বলেছিলেন, সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর ‘দুর্ঘটনা’ পদ্মা সেতু উদ্বোধনের আনন্দকে দমানোর ‘নাশকতা’ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সেই প্রসঙ্গ টেনে সাকি বলেছিলেন, “অতীতে নাশকতার যত কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত তার কোনোটাই নাশকতা বলে প্রমাণ হয়নি। প্রতিটি ঘটনায় অনেক অব্যবস্থাপনা, তদারকির অভাব ও নানা রকম দুর্নীতি প্রমাণ মিলেছে। এত বড় একটি দুর্ঘটনাকে নাশকতা বলে কোনো একটি পক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে।”

এই ঘটনাটিকে ‘রাজনৈতিক প্রলেপ’ দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, “নিরাপত্তা ব্যবস্থা সঠিক ছিল কি না এবং যেসব সরকারি প্রতিষ্ঠানের দেখাশোনা করার কথা, তারা দায়িত্ব পালন করেছে কি না নাকি দুর্নীতি করে এই ডিপো পার পেয়েছে সেসব দেখতে হবে। 

“মালিকপক্ষের দায় আছে। পুরো কাঠামোগত সমস্যা আছে। আর মালিকপক্ষ যদি সরকারি দলের সাথে যুক্ত হয়, তাহলে ঘটনা ধামাচাপা দিয়ে দৃষ্টি ফেরাতে চেষ্টা চলে। এসব চেষ্টা বন্ধ করতে বলব।” 

দেশে ভয়াবহ অপশাসন চলছে এবং সরকারের কোনো জবাবদিহিতা নেই বলেও দাবি করেন গণসংহতির প্রধান সমন্বয়কারী সাকি।

তিনি বলেন, “তারই পরিচায়ক এ ঘটনা। আর ক্ষতিপূরণ পাওয়া নিহত ও আহতদের অধিকার, দয়া বা দাক্ষিণ্য নয়। এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে অবশ্যই। ক্ষতিপূরণ আইন বদলাতে হবে।”