‘তবু যদি ছেলের খোঁজ মেলে’
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর শনিবার রাতে ফেইসবুকে লাইভে ছিলেন কভার্ড ভ্যান চালক মোহাম্মদ ইয়াসিন; এরপর থেকে তার আর খোঁজ নেই, মোবাইল ফোনও বন্ধ।
তিনি বেঁচে আছেন কি না, সে বিষয়েও নিশ্চিত নয় তার পরিবার। তিন দিন ধরে উদ্বেগ উৎকণ্ঠায় কাটানো বাবা বদিউল আলম খোকা সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বাইরে সিআইডির বুথে এসেছিলেন ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা দিতে।
শনিবার রাতে কন্টেইনার ডিপোতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের লাশ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে ২৪ জনের পরিচয় শনাক্তের পর ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেলের মর্গে থাকা ১৭ জনের পোড়া লাশ চোখের দেখায় শনাক্ত করার উপায় নেই। তাদের মধ্যে ইয়াসিন আছেন কি না, তা জানতে শেষ চেষ্টা হিসেবে ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন বদিউল আলম খোকা।
তাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোসাইপুর গ্রামে। রোববার সকাল থেকে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপো আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে এবং মর্গে ঘুরে ছেলের কোনো খোঁজ পাননি বদিউল আলম । দুদিন ধরে তিনি হাসপাতালেই আছেন।
সোমবার নমুনা দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডিপোতে আগুন লাগর পর ইয়াসিনই বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। ছেলে তখন বলেছিল, সে ভালো আছে।
কথা শেষ করে ফেইসবুক লাইভে এসে অগ্নিকাণ্ডের ভিডিও দেখাচ্ছিলেন ইয়াসিন। এক পর্যায়ে ডিপোতে বিস্ফোরণ ঘটলে তার লাইভ বন্ধ হয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বদিউল আলম বলেন, “রোববার সারাদিন আমরা সীতাকুণ্ডের ডিপো এলাকায়, চিটাগাং মেডিকেলে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। মেডিকেলে আসা অনেক লাশ পুড়ে গেছে। আমার ছেলে থাকলেও চেনার উপায় তো নেই। সে কারণে রক্ত দিয়েছি পুলিশের কথায়। দেখি ইয়াসিনের খোঁজ পাই কি না।”
ইয়াসিনের মতো কন্টেইনার ডিপোর নিরাপত্তাকর্মী মাহবুবুল ইসলামেরও (২৯) খোঁজ নেই তিন দিন ধরে। তার ভাই সাইদুল ইসলাম এসেছিলেন ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা দিতে। তিনি নমুনা দেওয়ার সময় একটি কাগজে মাহবুবের ছবি নিয়ে ঘুরছিলেন তার চাচাতো ভাই আতিকুর রহমান।
কন্টেইনার ডিপোর নিরাপত্তাকর্মী মাহবুবুল ইসলামের খোঁজ নেই অগ্নিকাণ্ডের পর থেকে
ডিএনএ পরীক্ষার জন্য সোমবার সিআইডির বুথে মোট ৩৭ জনের রক্তের নমুনা নেওয়া হয়েছে।
সিআইডির বিশেষ সুপার শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা নিখোঁজ আছেন, তাদের পরিচয় জানতে বাবা, ভাই-বোন, ছেলে-মেয়ের নমুনা নিয়ে ডিএনএ মিলিয়ে দেখা যায়। কোনো কোনো ভিকটিমের পরিবারের দুই থেকে তিনজন সদস্যের রক্তও সংগ্রহ করা হয়েছে।
“এরপর ডিএনএ প্রোফাইলিং হবে। চিকিৎসকের মাধ্যমে দাঁত-মাড়িসহ অন্যান্য অংশের পরীক্ষা করে মেলানো হবে। সব পরীক্ষা পুরোপুরি শেষ করতে আমাদের এক মাসের মত সময় লাগতে পারে।”
সিআইডির এক কর্মকর্তা জানান, প্রশাসনের হিসেবে নিখোঁজ থাকা ১৭ জনের মধ্যে তিনজনের পরিচয় অনুমান করা যাচ্ছে। তারপরও পুরোপুরি নিশ্চিত হতে তাদের স্বজনদের রক্তের নমুনা নেওয়া হয়েছে।
তাছাড়া ডিপোর আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। সেখানে আরও মৃতদেহ থাকতে পারে। ১৭ জনের দেহ অশনাক্ত থাকলেও মোট ২১ জনের নিখোঁজ থাকার তথ্য স্বজনদের কথায় এসেছে। সে কারণে যারাই লাশের দাবি নিয়ে আসছেন, তাদের রক্তের নমুনা নেওয়া হচ্ছে।
