২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার রিফাতকে নিয়ে মন্তব্য, জানিপপ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ইউটিউবে এক আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জড়িয়ে মন্তব্যের জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগের একে নেতা। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2022, 02:08 PM

Updated : 14 Jul 2022, 06:14 PM

কুমিল্লা শহর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বুধবার সকালে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ও মনিরুল ছাড়াও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ।

“যেহেতু মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেহেতু এ ধরনের বক্তব্য তার জন্য মানহানিকর।”

তাছাড়া ওই আলোচনায় যুবলীগ নেতা সহিদের নামও ‘মনোনয়ন বাণিজ্যে জড়ানো হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়। 

ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরও দুইজন অংশ নেন। মামলার বিষয়ে তাদের কারও বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

মামলার বাদী আবদুল্লা আল মাহমুদ সহিদ বলেন, “কুমিল্লায় সাইবার ট্রাইব্যুনাল না থাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে আমি চট্টগ্রামে এসেছি।”

গত ১৩ মে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। আসছে ১৫ জুনের নির্বাচনে তিনি গত দুইবারের মেয়র বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কুর সাথে লড়বেন।