২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় শেখ হাসিনার কর্মীরাই: নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, করোনাভাইরাস মহামারী থেকে শুরু করে দেশের যে কোনো দুর্যোগে আর্তের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একমাত্র শেখ হাসিনার কর্মীরাই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 03:19 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

শনিবার চট্টগ্রামের আসকার দিঘীর পাড়ে একটি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন নওফেল।

রোজাকে সামনে রেখে ওই অনুষ্ঠানে ২১নং জামালখান ওয়ার্ডের এক হাজার পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সরকারের শিক্ষা উপমন্ত্রী।

নওফেল বলেন, "আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ‍উজ্জীবিত জননেত্রী শেখ হাসিনার কর্মীরা নিজেদের সকল সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

“করোনা থেকে শুরু করে যখনই কোন দুর্যোগ বা দুর্ঘটনা হয় সবার আগে বঙ্গবন্ধু কন্যার কর্মীরাই মানুষের সাহায্যে এগিয়ে আসেন।"

এ সময় স্বাধীনতা সংগ্রাম ও বিজয়ের ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেন চট্টগ্রাম-৯ আসনের এই সাংসদ।তার বক্তব্যে উঠে আসে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ঘটনাটিও।

নওফেল বলেন, “বঙ্গবন্ধু না হলে এই দেশটাই হত না। এত পথ এগিয়ে এসেছে এই দেশে এইটা একমাত্র উনার কারণে সম্ভব হয়েছে।”

সেচ্ছাসেবক লীগে নেতা মনির হোসেন ও নিজামউদ্দিন সাইফুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও চন্দন ধর।

বক্তব্য রাখেন নগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ২১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বাবুল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা ও রুমকি সেনগুপ্ত প্রমুখ।

আর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক উপ সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টুর ব্যবস্থাপনায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।