চুরি যাওয়া মোটর সাইকেলসহ তিনজন গ্রেপ্তার
চট্টগ্রামে চুরি যাওয়া মোটরসাইকেলসহ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট, সরফভাটা ও নগরীর পতেঙ্গা এলাকায় বৃহস্পতিবার গভীর রাত এবং শুক্রবার সকালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- আজিজুর রহমান (২৩), সোহেল রানা (৩১) ও মোহাম্মদ রাসেল (৩০)।
কোতোয়ালী থানার এসআই মোমিনুল হাসান জানান, গত ১৫ মার্চ সন্ধ্যায় নগরীর লালখান বাজার ট্রাফিক বক্সের সামনে থেকে ইয়ামাহা ব্র্যান্ডের ‘এফ জেড’ মডেলের একটি মোটর সাইকেল চুরি হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করেন মোটর সাইকেলের মালিক ওমর ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলার তদন্তে চুরির সঙ্গে আজিজুরের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে রাঙ্গুনিয়ার শান্তির হাটে অবস্থান নিশ্চিত হয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
“জিজ্ঞাসাবাদে আজিজুর মোটর সাইকেল চুরির ঘটনা স্বীকার করেন এবং সোহেলের কাছে তা বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানান।”
তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার সরফভাটা এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
সোহেলকে জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরে এসআই মোমিনুল বলেন, “সোহেল রানা জানায়, সে পতেঙ্গা এলাকায় পুরনো মোটর সাইকেল বিক্রেতা রাসেলের কাছে মোটর সাইকেলটি বিক্রি করে দিয়েছে।”
পরে গ্রেপ্তার দুজনকে নিয়ে সকালে পতেঙ্গায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। সেখানে রাজাপুকুর এসএ মার্কেটে রাসেলের শোরুম থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, রাসেলের শো-রুমে পালসার ব্র্যান্ডের আরেকটি মোটর সাইকেল পাওয়া যায়। কিন্তু তিনি বৈধ কাগজ দেখাতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেটাও চোরাই মোটর সাইকেল।
গ্রেপ্তার তিনজনই মোটর সাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত বলে জানান তদন্ত কর্মকর্তা মোমিনুল।
তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত তিনজনকে কারাগারে পাঠিয়ে পরবর্তীতে রিমান্ড শুনানির জন্য রেখেছেন।
