চট্টগ্রামে দ্বিগুণ হয়েছে শশা-বেগুনের দাম
সবজির দামে স্বস্তির মধ্যেই রোজার আগে চট্টগ্রামের বাজারে বেগুনের দাম দ্বিগুণের বেশি হয়ে উঠেছে। এক লাফে শসার দামও বেড়েছে প্রায় দ্বিগুণ।
বিক্রেতারা বলছেন, ‘চাহিদা বেড়ে যাওয়ায়’ দামও বেড়েছে। তবে রোজার মধ্যে ‘কারসাজি’ করে এ দুটি সবজির দাম আরও বাড়িয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।
শুক্রবার চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকায়; যা গত সপ্তাহে ২০ থেকে ২৫ টাকায় কিনেছেন ক্রেতারা।
লাফিয়ে প্রায় দ্বিগুণ হয়ে উঠেছে শসার দামও। ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হওয়া শসা কয়েক দিন আগেও বিক্রি হয়েয়েছে ৩০-৪০ টাকায়।
এ বাজারের শসা বিক্রেতা মো. দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দিন ধরে শসার দাম বাড়তির দিকে। ৩০/৪০ টাকার শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।
রোজায় শশার চাহিদা বেড়ে যায় জানিয়ে এই বিক্রেতা বলেছেন, “আমরা আড়ত থেকে বেশি দামে শসা এনে বিক্রি করছি। সে কারণেই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
বেগুন বিক্রেতা মো. মোস্তাফা বলেন, “বছরের অন্য সময়ের চেয়ে রোজায় বেগুনের চাহিদা বেড়ে যায়। অন্যান্য সময়ে অনেকেই সবজি কেনার সময় বেগুনের দরও জিজ্ঞাসা করে না। কিন্তু রোজায় সবাই বেগুন কেনেন। ইতোমধ্যে এর চাহিদাও বেড়েছে।”
তবে রেয়াজউদ্দিন বাজারের বাইরে এবং কাজীর দেউড়ি বাজারসহ অন্যান্য স্থানে শশা এবং বেগুন কেজিতে আরও ১০ থেকে ১৫ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।
এই দুটি সবজির দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে মো. সেলিম নামে এক ক্রেতা বলেন, “রোজার সময় ইফতারে শসা একটি গুরুত্বপূর্ণ খাবার। আর ইফতারকে মুখরোচক করতে ভাজার উপাদানে বেগুনি করা হয়।
রোজার মধ্যে দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে সেলিম বলেন, “যা পরিস্থিতি দেখা যাচ্ছে রোজার সময় হয়তো তা আরও বাড়িয়ে দেওয়া হবে কারসাজি করে।”
তবে চট্টগ্রামের বাজারগুলোতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, চিনি ও ছোলার দাম বাড়েনি বরং বরবরটি, করলা, ঢেড়শসহ গ্রীষ্মের কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনা কিছুটা কমেছে।
শুক্রবার চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার, কাজির দেউড়ি সিডিএ মার্কেটে গিয়ে দোকানি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রীষ্মের বিভিন্ন সবজির দাম স্থিতিশীল রয়েছে।
বন্দরনগরীর বিভিন্ন বাজারে গত কয়েক দিন ধরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৬-১৭ টাকায়। একসাথে সাত কেজি কেনা যায় ১০০ টাকায়। টমেটো ২০-২৫ টাকা, মরিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির দাম আগের চেয়ে কমতির দিকেই দেখা গেছে।।
নতুন সবজির মধ্যে গত সপ্তাহে ৭০-৮০ টাকা দরে বিক্রি হওয়া বরবটি, ঢেঁড়শ, করলা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। তবে কাঁকরোলের দাম প্রতি কেজি ১২০-১৩০ টাকা।
চিনি, ছোলা, সয়াবিন তেলের দামও স্থিতিশীল আছে। চিনির কেজি ৭৬-৭৮ টাকা, আর ছোলা বিক্রি হচ্ছে মান ভেদে ৬৮-৭৫ টাকায়।
ডালের মধ্যে বড় দানার মসুর ৯৫ টাকা আর ছোট মসুর ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য ডালের দামেও কোনো হেরফের হয়নি।
সয়াবিন তেল প্রতি লিটারের বোতল বিক্রি হচ্ছে সরকার নির্ধারতি ১৬০ টাকায় আর পাঁচ লিটারের বোতলের দাম ৭৮০ টাকা। পেঁয়াজ মিলছে কেজিতে ৩৫-৪০টাকায়।
মাংসের বাজারে গরু, খাসিসহ বিভিন্ন মাংসের দাম স্থিতিশীল থাকলেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে।
গত সপ্তাহে কেজিতে দেড়শ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হওয়া মুগীর মাংস শুক্রবার ১৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
