২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল নোটসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামে দেড় লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 05:41 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

মঙ্গলবার নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহমেদ পেয়ার জানান।

গ্রেপ্তার মো. জাকির (৪০) নামের ওই ব্যক্তি একসময় ঢাকার সদরঘাটে একটি রেস্তোরাঁয় চাকরি করতেন।

এডিসি পেয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌলভী পুকুরপাড়ে একটি হোটেলে এক ব্যক্তির জাল নোট নিয়ে অপেক্ষা করছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকিরকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে গুঁজে রাখা ১ হাজার টাকার ১০৫টি এবং ৫০০ টাকার ৯২টি নোট পাওয়া যায়।

“যাচাই বাছাই করে দেখা যায়, ওই নোটগুলো জাল। সেও (জাকির) স্বীকার করেছে, জাল নোটগুলো সে ঢাকা থেকে সংগ্রহ করেছে।”

জাকিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পেয়ার বলেন, “সে আগে ঢাকার সদরঘাটে একটি হোটেলে চাকরি করত। সেখানে সাগর নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। সাগর তাকে জাল নোটগুলো সরবরাহ করেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।