সীতাকুণ্ডে ৪৫ হাজার মিটার জাল জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের জন্য পেতে রাখা বিপুল পরিমাণ জাল জব্দ করেছে নৌ পুলিশ।
সোমবার বিকালে উপজেলার আক্কেলপুর থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সাগরের উপকূল ঘেষে এসব জাল পাতা হয়েছিল বলে নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত সুপার কীর্তিমান চাকমা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অবৈধভাবে মাছ শিকারের জন্য বাঁশ দিয়ে এসব ‘চরঘেরা’ জাল দেওয়া হয়। আক্কেলপুর থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত অভিযান চালিয়ে এ ধরনের নয়টি জাল জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান জানান, বাঁশ দিয়ে ঘিরে এসব জাল লাগানো হয়েছিল, যার পরিমাণ প্রায় ৪৫ হাজার মিটার। অভিযানে প্রায় ২৫০টি বাঁশ কেটে এবং পুড়িয়ে ফেলা হয়।
মাছের রেণু ও পোনা নিধন রোধে দেশব্যাপী চরঘেরা, চায়না দুয়ারি ও বেহুন্দি জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, সাগরে বসানো এসব জালে বেশির ভাগ রেণু ও পোনা মাছ আটকে যায়, যেগুলো আর বাঁচে না। এতে করে মৎস্য সম্পদ কমে যায়।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে নৌ পুলিশ সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।
গত ৩১ জানুয়ারি বাড়বকুণ্ডে সমুদ্র উপকূলে চরঘেরা জাল জব্দ করতে গিয়ে স্থানীয় জেলেদের হামলার শিকার হন নৌ পুলিশের সদস্যরা। ওই দিন বেশ কিছু জাল জব্দ করা হয়েছিল।
