১০ লাখ টাকা আত্মসাতে এক যুগ পর দুই কর্মকর্তাসহ ৩ জনের সাজা
এক যুগেরও বেশি সময় আগে ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে চট্টগ্রামে প্রাণী সম্পদ অধিদপ্তরের দুই কর্মকর্তা ও এক ঠিকাদারকে মোট এক বছর নয় মাস দণ্ড দিয়েছে আদালত; করা হয়েছে ১১ লাখ টাকার বেশি জরিমানা।
জেলার হাটহাজারীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাগল উন্নয়ন প্রকল্পের সীমানা দেয়াল নিমার্ণের অর্থ আত্মসাতে তাদের বিরুদ্ধে ২০০৯ সালের জুনে ওই মামলা করেছিল দুনীর্তি দমন কমিশন (দুদক)।
সোমবার বিচারের প্রক্রিয়া শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক মো. আলী আকবর ও ছাগল উন্নয়ন কর্মসূচির সেসময়ের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর আলেক মণ্ডল এবং ওই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান আলম ট্রেডিং করপোরেশনের মালিক মো. মাহবুব আলম।
দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
তিনি জানান, দণ্ডবিধির ৪০৯ ধারায় তিনজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড, মোট ১১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেকের তিন মাসের সাজা দিয়েছেন আদালত।
“এছাড়া দণ্ডবিধির ৪৭৭ ধারায় ছয় মাস করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সাজা।
আর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রত্যেকের তিন মাস করে সাজা, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সাজার আদেশ হয়েছে।”
হাটহাজারী উপজেলায় পশু সম্পদ অধিদপ্তরের দারিদ্র বিমোচনে ছাগল উন্নয়ন প্রকল্পের সীমানা দেয়াল নির্মাণের কাজ না করে পরস্পর যোগসাজশে আসামিরা ১০ লাখ ২৯ হাজার ৫৮২ টাকার বিল তুলে আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ আনা হয়।
২০০৯ সালের ২৯ জুন সেসময়ের দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করে। ২০১০ সালের ২৮ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়।
মামলার সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় এল।
