২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিছিল সমাবেশে বাম জোটের হরতাল

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে আধাবেলা হরতাল করেছে বাম গণতান্ত্রিক জোট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 01:42 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আধাবেলা এই হরতাল মূলত রেল স্টেশন, লালদীঘি, কোতোয়ালি ও নিউ মার্কেটসহ এলাকার মধ্যেই সীমিত ছিল। শহরের বিভিন্ন সড়কে অন্য দিনের মতই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে।

সকাল ৬টার পর বাম গণতান্ত্রিক জোটের শরিক সিপিবি, বাসদ, গণ সংহতি আন্দোলনের নেতাকর্মীরা চেরাগী পাহাড়, জামালখান, রেল স্টেশন, লালদিঘী, কোতোয়ালি ও নিউ মার্কেট এলাকায় মিছিল ও সমাবেশ করে।

চট্টগ্রাম বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অশোক সাহা বলেন, "নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল বৃদ্ধির কারণে ডাকা হরতালে জনগণের সমর্থন ছিল। হরতাল নিয়ে সাধারণ মানুষের কোনো রাগ ক্ষোভ ছিল না।”

সকাল ৯টার দিকে নিউ মার্কেট মোড়ে হরতালকারীরা সড়কে যানবাগন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়।

ওই এলাকায় জোটের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটকের চেষ্টা করলে তাদের ছাড়িয়ে নেন অন্যরা। এসময় নেতাকর্মীরা রাস্তার এক পাশে দাঁড়িয়ে সমাবেশও করেন।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হারতালকারীরা তাদের দাবি দাওয়ার পক্ষে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সমাবেশ করেছে। কোথাও কোনো সমস্যা হয়নি।”

পুলিশের সাথে ধস্তাধস্তির বিষয়টি অস্বীকার করে ওসি জাহেদুল বলেন, "অল্প কয়েকজন মিলে সমাবেশ করছিল হরতালকারীরা। তারা রাস্তার মাঝে চলে আসায় তাদের এক পাশে দাঁড়াতে অনুরোধ করা হয়েছিল।

“তারা নিজেরাই একপাশে গিয়ে অবস্থান নিয়েছিল। কোন ধস্তাধস্তি কিংবা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।"

হরতালের সমর্থনে নিউ মার্কেটে মোড়ে সমাবেশ চলার সময়ে অসুস্থ হয়ে পড়েন সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী। এ সময় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা বলেন, “উত্তম চৌধুরীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি শঙ্কামুক্ত।”

হরতাল থাকলেও এদিন শহর থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘লন্ডন এক্সপ্রেস’ পরিবহনের দামপাড়া কাউন্টারের ব্যবস্থাপক মো. রাশেদ জানান, সকাল থেকে তাদের কোম্পানির বাস চলাচল করছে, কোথাও কোনো বাধা পাননি তারা।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর উদ্যোগ বন্ধের দাবিতে আধা বেলা এই হরতালের ঘোষণা দেওয়া হয় গত ১১ মার্চ।

হরতাল সফল করতে প্রচারপত্র বিলি, পোস্টার লাগানোসহ জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সভা, সমাবেশ, প্রচার মিছিল ও গণসংযোগ করে বাম জোট।