স্বাধীনতা যুদ্ধ নিয়ে ‘বেচাবিক্রির সংস্কৃতি’ শুধু এদেশে: আমীর খসরু
শুধু বাংলাদেশেই স্বাধীনতা যুদ্ধ নিয়ে ‘বেচাবিক্রির সংস্কৃতি’ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার চট্টগ্রামের নাসিমন ভবনে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির এক সভায় তিনি বলেন, “সব দেশের স্বাধীনতার ইতিহাস এক উজ্জ্বল দৃষ্টান্ত। সবাই তা সমুন্নত রাখার চেষ্টা করে।
“কিন্তু বিশ্বের কোনো দেশে বাংলাদেশের মতো স্বাধীনতা যুদ্ধকে ‘বেচাবিক্রি করার কালচার’ নেই। আর ক্ষমতাসীনরা যখন এটা করে, তখন সেটা আর ইতিহাস হয় না; এটা হয়ে যায় প্রোপাগান্ডা।”
মুক্তিযুদ্ধের স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে আওয়ামী লীগ ‘ভেঙে চুরমার করেছে’ অভিযোগ করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা, জনগণ ও স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ। যদি সত্য ঘটনা সামনে আসে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না।
“আজকে যদি মুক্তিযুদ্ধের সত্য ঘটনা নিয়ে বইয়ে লেখা হয়, তারা জানে তারা যে মিথ্যাচার করছে তা সকল ক্ষেত্রে ধরা পড়ে যাবে। কিন্তু এটাই সত্য যে ইতিহাস ইতিহাসই…।”
বিকৃতি থেকে ইতিহাসকে মুক্ত করতে দলের নীতি নির্ধারকরা আগামী ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জ্ঞাপন ও সভা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাবেক মন্ত্রী খসরু।
এ কর্মসূচি সফল করতে শুক্রবার দলীয় কার্যালয়ে বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে।
সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “জাতির ক্রান্তিলগ্নে ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিকামি জনতাকে আলোর পথ দেখিয়েছিলেন জিয়াউর রহমান। নেতৃত্ব দিয়ে তিনি সম্মুখে সমর যুদ্ধ করেছিলেন।”
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ও এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
