কালরাত স্মরণে চট্টগ্রামে প্রদীপ প্রজ্বলন
একাত্তরের ২৫ মার্চের কালরাতের স্মরণে চট্টগ্রাম শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন ও সমাবেশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।
সংগঠনের জেলা ও মহানগর শাখা বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠে শহীদ মিনারে সমাবেশ করে।
ফোরামের নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের নৃশংসতম হত্যাযজ্ঞের স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হয়। এই দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান আজ সময়ের দাবি।”
সমাবেশে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, “একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র নিরাপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা।
“একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে এবং বাঙালি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার নারকীয় পরিকল্পনা 'অপারেশন সার্চ লাইট'।”
এ কর্মসূচির অংশ হিসেবে সূর্যাস্তের পর শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিমু হামিদও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
