যুব বিদ্রোহের স্মৃতি বিজড়িত সেই অস্ত্রাগার খুলছে জাদুঘর হয়ে
মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা যে অস্ত্রাগার দখলে নিয়ে ব্রিটিশ শাসকদের ভিত নাড়িয়ে দিয়েছিল, চট্টগ্রামের সেই অস্ত্রগার সংরক্ষণ করে গড়ে তোলা 'পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ খুলে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের জন্য।
স্বাধীনতা দিবসের দুদিন আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ জাদুঘরের উদ্বোধন করবেন বলে চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উদ্বোধনের পর আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দর্শনার্থীরা এ জাদুঘর দেখার সুযোগ পাবেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই অস্ত্রাগারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ জাদুঘর নির্মাণের কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ কমিশনার বলেন, ১৯৩০ থেকে ১৯৭১ সালের মেলবন্ধন ঘটাবে 'পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’।
“চট্টগ্রামের মানুষ হয়েও মাস্টারদা সূর্য সেন এখানে ততটা আলোচিত নন, যতটা কলকাতায়। আমরা চাই নতুন প্রজন্ম জানুক- আমাদের গর্ব করার মত একটা ইতিহাস ঐতিহ্য আছে।”
ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবীদের ভূমিকা জনগণের কাছে তুলে ধরতে জাদুঘরে রাখা হচ্ছে বিপ্লবীদের ছবিসহ নানা রেপ্লিকা।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে জীবন উৎসর্গকারী পুলিশ সদ্যদের ভূমিকার কথাও সংরক্ষণ করা হয়েছে এ জাদুঘরে।
যুব বিদ্রোহের স্মৃতি বিজড়িত জাদুঘরটির নামে ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ’ যুক্ত করার দাবি জানিয়েছিল একটি সংগঠন। এ লক্ষ্যে তারা পলিশ কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছিল।
