সড়কে ৫ মৃত্যু: দায়ী ট্রাকচালক গ্রেপ্তার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোররাতে নগরীর ডবলমুরিং থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে মো. রিপন (৩১) নামে ওই চালককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।
র্যাব বলছে, ওই চালকের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। তিনি শারিরীকভাবেও অসমর্থ ছিলেন।
মঙ্গলবার বিকালে চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, “রিপনের ভারী যান চালানোর কোনো অভিজ্ঞতা এবং ড্রাইভিং লাইসেন্স নেই। দেড় দশক আগে চালকের সহকারী হিসেবে ট্রাক চালানোর সময় দুর্ঘটনায় পড়ে ডান পা পঙ্গু হয়ে যায় তার।
“বদলি চালক হিসেবে কক্সবাজারের পেকুয়ায় মেরিন ড্রাইভ ও চলমান ফোর লাইনের কাজে পাথর নিয়ে সেখানে গিয়েছিলেন। ফেরার পথে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটির সামনে চলে যায় এবং ডান পায়ে জোর না থাকায় সে ট্রাকের ব্রেক ধরতে পারেনি। যার কারণে ট্রাকটি প্রাইভেটকারের ওপর উঠে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।”
সোমবার ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়া প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী ড্রাম্প ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে পাঁচজন নিহত হয়।
র্যাব-৭ অধিনায়ক ইউসুফ বলেন, ২০০৪ সালে চট্টগ্রামে এসে ট্রাক চালকের সহকারীর (হেলপার) কাজ নেন রিপন। ২০০৬ সালে নিজে গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়ে তার ডান পা পঙ্গু হয়ে যায় এবং ওই পায়ের শক্তি হারিয়ে ফেলেন।
২০১৫ সালে রিপন ভারী যানবাহন চালানোর লাইসেন্সের আবেদন করলেও পায়ের কারণে তাকে তা দেওয়া হয়নি। তবে হাল্কা যান চালানোর লাইসেন্স তার ছিল বলে জানান র্যাব কর্মকর্তা ইউসুফ।
র্যাব জানিয়েছে, যে ট্রাকটির সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন, তার মূল চালক নুরুন্নবী নামে আরেকজন। তবে টানা ১০ দিন নির্ঘুম গাড়ি চালানোর কারণে তিনি ক্লান্ত থাকায় ট্রাকমালিকের অনুমতি নিয়ে রিপনকে পাথর নেওয়ার জন্য বদলি চালক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন।
