২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ক্রেইন ছিঁড়ে পড়া ধাতব পাতের চাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁওয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের ক্রেইনের তার ছিঁড়ে ছিটকে পরা ধাতব পাতের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 01:49 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

চান্দগাঁও থানার ওসি মাঈনুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা হামিদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মুজিবুর রহমান (৫০) সানায়োরা আবাসিক এলাকায় থাকতেন; তার গ্রামের বাড়ি বাঁশখালীর চানপুরে।

ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুজিবুর রহমান হেঁটে বাজারে যাচ্ছিলেন। সে সময় ওই এলাকায় জলাবদ্ধতা প্রকল্পের কাজে ক্রেইন দিয়ে লোহার পাত তোলা হচ্ছিল। এক পর্যায়ে ক্রেইনের তার ছিঁড়ে ওই ধাতব পাত ছিটকে পড়ে।

“গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি মারা যান।”

স্থানীয়রা জানান, ওই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মচারীও চাপা পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে আহত ওই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ওসি মাঈনুর রহমান।

তিনি বলেন, মুজিবুর রহমানের মৃত্যুর ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

এ দুর্ঘটনার বিষয়ে কথা বলতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিনকে একাধিকার ফোন করা হলেও তিনি ধরেননি।

জলাবদ্ধতা বন্দরনগরী চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ। বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেও নগরের অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক সময় জোয়ারের পানিতেও নিত্যপণ্যের বড় পাইকারি বাজার, হাসপাতালসহ বসতবাড়ি ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

এই সমস্যা কাটাতে ২০১৭ সালের মাঝামাঝি ৫ হাজার ৬১৬ কোটি টাকার বড় প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর আওতায় ৩৬টি খালের ৫ লাখ ২৮ হাজার ঘনমিটার মাটি খনন এবং ৪ লাখ ২০ হাজার ঘনমিটার কাদা অপসারণের পরিকল্পনা রয়েছে।

পানি নিষ্কাশনের জন্য সড়কের পাশে নালা তৈরি করা হবে এক হাজার ৭৭ কিলোমিটার। প্রায় ১০৮ একর জমি অধিগ্রহণ এবং এক লাখ ৭৬ হাজার মিটার রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। ৮৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে।

এছাড়া ছয়টি পিসি গার্ডার ব্রিজ প্রতিস্থাপন, পাঁচটি টাইডাল রেগুলেটর স্থাপন, ৪২টি সিল্ট ট্র্যাপ স্থাপন, বন্যার পানি সংরক্ষণে তিনটি জলাধার স্থাপন, বিদ্যমান নালার সংস্কার ও মেরামত, দুই হাজার বৈদ্যুতিক পোল স্থানান্তর এবং ৮৮০টি স্ট্রিট লাইট স্থাপন হবে।