২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাতুনগঞ্জে: সরকারি দামে ভোজ্যতেল কেনাবেচার আহ্বান

পাইকারিতে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বেচাকেনা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 10:45 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে এক মত বিনিময় সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

সভার বিষয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। এছাড়া রমজানও আসন্ন। এসব বিষয়ে সভার আয়োজন করা হয়।

“সভায় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল ও পাম তেল কিনতে ও বিক্রি করতে বলা হয়েছে। আসন্ন রমজানে অন্যান্য ভোগ পণ্যের দামও না বাড়াতে আহ্বান জানানো হয়েছে।”

সৈয়দ ছগীর বলেন, “পর্যাপ্ত পণ্য বাজারে আছে। যারা সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি করবে না তারা প্রশাসনের কাছে দায়বদ্ধ থাকবে। কোনো ধরনের সংকট যেন না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম।

সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবুল বশর চৌধুরী বলেন, “আইন অনুসারে আমদানি ও পাইকারি পর্যায়ে কোন পণ্য কত দিন রাখা যাবে তা নির্ধারণ করে নীতিমালা করা হলে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে।”

সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অংশ নেন প্রায় ৫০ জন ব্যবসায়ী।

খাতুনগঞ্জ বন্দর নগরী চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার।

আমদানি মূল্য ও বাজার বিশ্লেষণ করে সরকার গত ৬ ফেব্রুয়ারি সয়াবিন তেলের মূল্য বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৩ টাকা এবং পাম সুপার তেল ১৩৩ টাকায় বিক্রি হওয়ার কথা।