২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশা করি প্রধানমন্ত্রীর মহানুভবতা খালেদা জিয়া মনে রাখবে’

দণ্ডিত খালেদা জিয়াকে বাইরে থাকার সুযোগ করে দিতে বারবার তার সাজার কার্যকারিতা স্থগিতের মেয়াদ বাড়িয়ে মহানুভবতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, তা বিএনপির মনে রাখা উচিৎ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 09:36 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বুধবার রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি।

এদিনই সরকারের নির্বাহী আদেশে পঞ্চমবারের মত খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত দেয় সরকার।

হাছান মাহমুদ বলেন, “যেই বেগম খালেদা জিয়া ১৫ অগাস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেওয়ার জন্য, নিজের জন্ম তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটেন। খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, যেই খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিলেন- দুয়ার খোলেননি, সেই খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি ভবিষ্যতে সেটি মনে রাখবে।”

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের কষ্ট হয়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “এই করোনাকালে সঙ্কটের সময়ে আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে থেকেছে, বিএনপি কখনও থাকেনি। বিএনপি করোনাকালে দু-একটি লোক দেখানো প্রোগ্রাম করে কয়েকটি প্যাকেট বিতরণ করেছে, টেলিভিশনে ফটোসেশন করেছে, এর বাইরে কিছু করেনি।

“বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তো জনগণের কাছে যান না, তিনি মাঝে মধ্যে ঠাকুরগাঁও যান আর টেলিভিশনে প্রোগ্রাম করেন, আর মাঝে মধ্যে লোক দেখানো কিছু প্রোগ্রাম করেন।”

হাছান মাহমুদ বলেন, “জনগণ যে আজকে ভালো আছে, তারা তো আসলে সেটুকু জানেন না। জনগণ ভালো থাকুক সেটিও তারা চান না, জনগণ যে ভালো আছে এতে তাদের গাত্রদাহ হচ্ছে। এজন্য নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলেন তারা।”