সীতাকুণ্ডে মহাসড়কে চলন্ত বাসে আগুন
সীতাকুণ্ডে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি চলন্ত বাসে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিভিয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ওসি মীর নজরুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুন লাগার শুরুতেই যাত্রীরা বাস থেকে নেমে যেতে পারায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, ‘নিউ এডিশন’ পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বেলা সোয়া ১২টার দিকে বাড়বকুণ্ড এলাকায় বাসটিতে আগুন লেগে যায়।
ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
দুলাল বলেন, ইঞ্জিনের অতিরিক্ত গরম হয়ে ওই বাসে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
