উচ্চ মাধ্যমিকের ফল পুনঃনিরীক্ষায় চট্টগ্রামে আরও ২৭ জন পাস
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফল পুনঃনিরীক্ষায় ২৭ জন পরীক্ষার্থী পাস করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে।
রোববার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্রের ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিল ৫৯৭৯ জন পরীক্ষার্থী।
তাতে ১৩৯ জন পরীক্ষার্থীর ১৪১টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ২৭ জন পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে মোট ৬ জনের।
সিজিপিএ পরিবর্তন হয়েছে মোট ৫৯ জন শিক্ষার্থীর। নম্বর বেড়েছে, কিন্তু জিপিএ বাড়েনি ৭৩ জন পরীক্ষার্থীর।
২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। প্রত্যাশিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীরা গত ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পেয়েছেন।
এগারোটি শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে এবার পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ; তাদের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
চট্টগ্রাম বোর্ড থেকে এবার ৯৯ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে পাস করে ৮৯ হাজার ৬২ জন। পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭২০ পরীক্ষার্থী। পুন:নিরীক্ষণের পর তা বেড়ে ১৩ হাজার ৭২৬ জন হয়েছে।
