২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাসের হারে সবচেয়ে পিছিয়ে চট্টগ্রাম বোর্ড

কোভিড মহামারীতে সংক্ষিপ্ত সূচিতে হওয়া এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাস করেছে ৮৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী, যা দেশের ১১ শিক্ষাবোর্ডের মধ্যে সবচেয়ে কম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 03:56 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ রোববার দুপুরে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুল ধরেন।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

চট্টগ্রাম বোর্ড থেকে এবার ৯৯ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ পরীক্ষার্থী। 

২০২০ সালে কোভিড মহামারীর কারণে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে সেবারের ফল নির্ধারণ হয়েছিল। সেবার পাস করেছিল সবাই, জিপিএ-৫ পেয়ছিল মোট ১২ হাজার ১৪৩ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ছাত্রদের মধ্যে পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। 

ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৬৭০ জন; আর পূর্ণ জিপিএ পাওয়া ছাত্রের সংখ্যা ৬ হাজার ৫০জন।

এবার বিভাগভিত্তিক ফলে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯২ দশমিক ২০ শতাংশ।

মানবিকে এ হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় হার ৮৮ দশমিক ৫৮ শতাংশ। 

চট্টগ্রাম মহানগরে পাস করেছে ৯৩ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী। মহানগর ছাড়া জেলায় পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। আর চট্টগ্রাম জেলায় হার ৯০ দশমিক ৭২ শতাংশ।

তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৮১ দশমিক ৬২ শতাংশ, খাগড়াছড়ি ৮৩ দশমিক ২১, বান্দরবানে ৯১ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার চট্টগ্রাম বোর্ডে কেউ পাস করেনি, এমন কলেজের সংখ্যা দুটি। শতভাগ পাস করেছে ১৬ কলেজে।

এবারে ২৬৭ কলেজের শিক্ষার্থীরা ১১২টি কেন্দ্রে পরীক্ষা দেয়। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে শীর্ষ তিন কলেজ হল- সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ (১২৮৫ জন), সরকারি সিটি কলেজ (১০৪১ জন) ও চট্টগ্রাম কলেজ (৯২৮জন)।