চট্টগ্রামে আগুনে পুড়ল ৩ দোকান
চট্টগ্রামের হালিশহরে তিনটি দোকান আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিশহরের বি ব্লকে আগুনের সূত্রপাত হয়।
তাতে একটি ফার্নিচারের দোকান, একটি দর্জির দোকান এবং একটি ডেকোরেটরের দোকান পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি দোকানে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক বাহিনীর চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
