২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভোস্টের কক্ষে তালা দিয়ে চবির প্রীতিলতা হলে বিক্ষোভ

আবাসিক শিক্ষকদের 'নিয়মিত দায়িত্ব পালন' এবং খাবারের মান বৃদ্ধিসহ আট দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রভোস্টের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 03:08 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

প্রভোস্ট পারভীন সুলতানা ও আবাসিক শিক্ষকদের ভেতরে রেখে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষাথীরা কক্ষে তালা দেয়; পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা খুলে দেয়।

শিক্ষাথীদের অভিযোগ, পাঁচজন শিক্ষক আবাসিক হলের বিভিন্ন দায়িত্বে থাকলেও তারা নিয়মিত হলে আসেন না এবং কোনো কাজে প্রভোস্টের কোনো তদারকি নেই।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “হলের কর্মচারীরা প্রভোস্টের প্রশ্রয় পেয়ে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করে। অভিযোগ করেও ফল পাওয়া যায় না। হলের খাবারের মান খুবই খারাপ হলেও এ বিষয়ে নজরদারি নেই।”

শিক্ষার্থীদের এসব অভিযোগ বিষয়ে কথা বলতে প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানাকে ফোন করা হলে তিনি কেটে দেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো আহসানুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলের শিক্ষার্থীরা সমস্যার বিষয়ে অভিযোগ জানিয়েছে। আমরা গিয়ে তালা খুলে দিয়েছি। হল প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হচ্ছে।''