মধ্যরাতে আগুনে পুড়ল চট্টগ্রামের জামালখান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়
চট্টগ্রামের জামালখান ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের একটি অংশ আগুনে পুড়েছে।
রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে নগরীর মোমিন রোডে অবস্থিত ২ নম্বর জামালখান ওয়ার্ড কার্যালয় ভবনের চতুর্থ তলায় লাগা আগুন পৌনে এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সাভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
“চতুর্থ তলায় আগুন লাগার সময় সেখানে কেউ ছিল না বলে শুনেছি।“
কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ওই ভবনের চতুর্থ তলায় যেখানে আগুন লেগেছে সেখানে কাউন্সিলর অফিসের ডিজিটাল প্রক্রিয়ার কাজের জন্য একটি কম্পিউটার, পুরনো নথিপত্র ও আসবাবপত্র ছিল। মশা মারার বিভিন্ন যন্ত্র ছাড়াও কিছু তেলও ছিল।
ওই সময় চতুর্থ তলায় কারও থাকার কথা নয় উল্লেখ করে তিনি বলেন, কী কারণে আগুন লেগেছে আমরা ভবনের সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারব।
ভবনের অন্যান্য তলায় আগুন ছড়ায়নি বলেও ওয়ার্ড কাউন্সিলর জানান।
