২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ইতালির পথে আরেকটি জাহাজ

বাংলাদেশ থেকে কন্টেইনারে রপ্তানি পণ্য তৈরি পোশাক নিয়ে ‘এএসটি মালটা’ নামের আরও একটি জাহাজ ইতালির উদ্দেশে রওনা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 02:24 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শুক্রবার রাত ১০টার দিকে ১২৯ টিইইউএস কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় বলে জানান বন্দরের সচিব ওমর ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুর ১২টার দিকে জাহাজটি বন্দরের এনসিটি-১ জেটিতে ভেড়ে। বিকেলে কন্টেইনার তোলা হয় জাহাজটিতে। রাতে ১০টার দিকে জাহাজটি বন্দর ছেড়ে যায়। এটি সরাসরি ইতালি যাবে।”

এর আগে ৭ ফেব্রুয়ারি ৯৫২ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’ প্রথমবারের মতো ইউরোপের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। ২৭ ফেব্রুয়ারি তা গন্তব্যস্থল ইতালিতে পৌঁছায়।

এবার এএসটি মাল্টা ইউরোপের উদ্দেশে ছেড়ে গেলেও সেটি কোনো নিয়মিত জাহাজ বলে জানান জাহাজটির দেশিয় এজেন্ট আরআইএফ ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিক লিমিটেডের পরিচালক মো. আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জাহাজটি মাল্টার পতাকাবাহী। ভারত থেকে শুক্রবার এটি চট্টগ্রামে আসে। পণ্য নিয়ে নিয়মিত চলাচল করবে এমভি সোঙ্গা চিতা ও ক্যাপ ফ্লোরেস জাহাজ দুটি।”

এদিকে ইতালির রেভেনা বন্দর থেকে শুক্রবার এমভি সোঙ্গা চিতা আবার বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। ২৩ মার্চ নাগাদ সেটি চট্টগ্রামে এসে পৌঁছাতে পারে বলে জানান আজাদ।

১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহন শুরুর পর ইউরোপের পথে সরাসরি কোনো কনটেইনারবাহী জাহাজের প্রথম যাত্রা ছিল এমভি সোঙ্গা চিতার।

চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া সোঙ্গা চিতা বঙ্গোপসাগর হয়ে শ্রীলঙ্কার কলম্বো বন্দর, আরব সাগর, ভারত মহাসাগর, গালফ অব এডেন, লোহিত সাগর, সুয়েজ খাল ও ভূমধ্যসাগর হয়ে ইতালির রেভেনা বন্দরে যায়।

ওই জাহাজে থাকা কন্টেইনারের পণ্যের মধ্যে ৯৮ শতাংশই তৈরি পোশাক। এর মধ্যে ইতালির ক্রেতাদের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশের ক্রেতাদের অর্ডার করা তৈরি পোশাকও রয়েছে।

জাহাজে করে সরাসরি পণ্য পরিবহন শুরুর মধ্য দিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ার আশা করছেন দেশের ব্যবসায়ীরা।

এরআগে ‘ক্যাপ ফ্লোরেস’ নামে অপর জাহাজটি গত ২৩ ডিসেম্বর খালি কন্টেইনার নিয়ে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দরে এসেছিল।

ইউরোপের পথে সরাসরি সমুদ্র যাত্রায় সময় ও খরচ বাঁচে। সরাসরি ইউরোপ যাত্রায় সময় লাগে অন্য পথের তুলনায় অর্ধেক। আর খরচও ৩০ শতাংশ কম হয়।

আরও খবর

বাংলাদেশের পণ্য নিয়ে ইতালি পৌঁছেছে ‘এমভি সোঙ্গা চিতা’  

‘চট্টগ্রাম টু ইতালি’: সরাসরি ইউরোপ যাত্রায় রপ্তানিতে নতুন দিগন্তের আশা  

সোঙ্গা চিতার যাত্রার আগে চট্টগ্রাম বন্দরে ইইউ ও ইতালির দূত  

চট্টগ্রাম থেকে প্রথম সরাসরি রপ্তানি পণ্য যাচ্ছে ইউরোপে  

বাংলাদেশের পণ্য সরাসরি ইউরোপে নিতে জাহাজ ভিড়ল চট্টগ্রামে