২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির দোকান বরাদ্দের মামলায় সব আসামিকে অব্যাহতি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মালিকানাধীন দোকান বরাদ্দে অনিয়েমের অভিযোগে ২০ বছর আগে করা একটি মামলায় আসামিদের সবাইকে অব্যাহতি দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 10:08 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন। আসামি পক্ষ মামলা থেকে অব্যাহতি পেতে আবেদন করেছিল।

আসামিপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করেছিল। এক-এগারোর সরকার ক্ষমতায় এলে এই মামলায় সেসময়ের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় যে দোকানগুলো নিয়ে মামলা সেগুলো ভেঙে দেয়া হয়।

“অধিকতর তদন্ত শেষে এই মামলায় ২০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আমরা অব্যাহতি প্রদানের আবেদন করি। যেহেতু অভিযোগের বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের তদন্তে প্রমাণ করতে পারেনি, তাই অভিযোগ গঠনের মতো কোনো উপাদান নেই। শুনানি শেষে আদালত সবাইকে অব্যাহতির আদেশ দিয়েছেন।”

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় সিটি করপোরেশন নির্মিত ২৩টি দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ২০০২ সালে মামলাটি করার সময় ২৪ জনকে আসামি করা হয়েছিল। ২০০৬ সালে অভিযোগপত্র দেওয়া হয়।

তবে মহিউদ্দিনের রিট আবেদনে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত ছিল। ২০১২ সালের ডিসেম্বরে স্থগিতাদেশ প্রত্যাহারের পর আবার মামলার কার্যক্রম শুরু হয়।

২০১৭ সালের ১৫ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরী মারা গেলে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

২০১৯ সালের ১৯ জানুয়ারি মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। ২০২১ সালের অগাস্টে ২০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। মোট চারজন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়।