২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুতার বদলে সিগারেট, বন্দরে ৮৭৭ কার্টন জব্দ

ঈশ্বরদী ইপিজেডের একটি প্রতিষ্ঠানের নামে বন্ড সুবিধায় সুতার কথা বলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আনার পর তা ধরা পড়েছে চট্টগ্রাম বন্দরে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 10:57 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

সোমবার বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ একটি কন্টেইনারের কায়িক পরীক্ষা করে ৮৭৭ কার্টনে এক কোটি ৬৮ লাখ ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট ধরেছে।

কাস্টমসের ভাষ্যে, ঈশ্বরদী ইপিজেডের তিয়ানি আউটডোর বিডি লিমিটেড নামক প্রতিষ্ঠান চীন থেকে সুতা (কটন ইয়ার্ন) আমদানির ঘোষণা দেয়।

চীন থেকে আসা কন্টেইনার থেকে পণ্য খালাসের জন্য প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ এজেন্ট ক্রনি শিপিং করপোরেশন কাগজপত্র দাখিল করে গত ২২ ফেব্রুয়ারি।

তবে চট্টগ্রাম কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা বিভাগের চালানটি নিয়ে সন্দেহ হওয়ায় গত ২৬ ফেব্রুয়ারি খালাস প্রক্রিয়া বন্ধ করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার সালাহউদ্দিন রিজভী বলেন, ওই চালানে সুতার বদলে ৮৭৭ কার্টনে বেনসন, ডানহিল, অরিস, মন্ড, ইজিসহ বিভিন্ন ব্রান্ডের এক কোটি ৬৮ লাখ ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তারা বলেন, জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।

রাজস্ব ফাঁকি দিয়ে বন্ড সুবিধার আওতায় এসব বিদেশি সিগারেট আনা হয়েছে।

তিয়ানি আউটডোর মূলত তাঁবু তৈরি করে থাকে।

এ ঘটনায় কাস্টমস আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।