২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরবিতে জোড়া খুন: ৬৩ আসামির বিচার শুরু

রেলের টেন্ডার নিয়ে দ্বন্দ্বের জেরে আট বছর আগে চট্টগ্রামের সিআরবিতে জোড়া খুনের মামলায় ৬৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 05:55 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসীম উদ্দিন সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৫ মে দিন ঠিক করে দেন।

এ আদালতের পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকমকে বলেন, অভিযোগপত্রে যে ৬৪ জনকে আসামি করা হয়েছিল তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি সবার বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম লিমনও রয়েছেন অভিযুক্তদের তালিকায়। ৬৩ জনের প্রায় সবাই যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী।

২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় রেলের ৪৮ লাখ টাকার দরপত্র নিয়ে বাবর ও লিমনের অনুসারীদের বিরোধের জেরে গোলাগুলি হয়।

সে সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজু পালিত (২৪) ও স্থানীয় সিআরবি বস্তির শিশু আরমান (৮)। এদের মধ্যে সাজু পালিত ছিলেন বাবরের অনুসারী।

সিআরবিতে জোড়া খুন: পিবিআইর অভিযোগপত্রে আসামি বেড়েছে দুজন  

ঘটনার পর কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান বাদী হয়ে ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন। আর ঘটনার এক মাস পরে যুবলীগকর্মী সাজু পালিতের মা মিনতি পালিত বাদী হয়ে অজিতকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন আদালতে। একসঙ্গে দুই মামলার তদন্ত করে অভিযোগপত্র দেওয়ার নির্দেশ দেয় আদালত।

দুই দফা তদন্ত কর্মকর্তা বদলের পর ২০১৫ সালের ২৩ নভেম্বর প্রথম অভিযোগপত্র জমা পড়েছিল। তাতে ৬২ জনকে আসামি এবং ৩৭ জনকে সাক্ষী করা হয়েছিল।

এর দুদিন পর তৎকালীন মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকন অভিযোগপত্রটি গ্রহণ না করে ‘অধিক গুরুত্বের সঙ্গে’ তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন। 

২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি পিবিআইয়ের অভিযোগপত্র আদালতে জমা পড়ে। সেখানে ৬৪ জনকে আসামি করা হয়, সাক্ষী করা হয় ৭ জনকে।