২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি করতে গিয়ে হত্যা: পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ছয় বছর আগে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় তার স্ত্রীকে খুনের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 07:08 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

সোমবার রাউজান উপজেলার সুলতানপুর থেকে মো. ইছহাক নামে এ আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি হাটহাজারী উপজেলার ফটিকা এলাকায়।

র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইছহাক বেশ কয়েক বছর ওমানে পালিয়ে ছিলেন। পলাতক অবস্থায় গত বছর তার ফাঁসির রায় হয়।

“প্রবাসেও শৃঙ্খলাবিরোধী কাজের সাথে জড়িত হয়ে পড়ায় তাকে সে দেশের পুলিশ খুঁজছিল। ভাইয়ের বিয়ে উপলক্ষে গত ডিসেম্বর একেবারে দেশে চলে আসে ইছহাক।”

র‌্যাব কর্মকর্তা মাহফুজ বলেন, মাথার ওপর দণ্ড থাকায় ইছহাক বাড়িতে না থেকে রাউজানের সুলতানপুরে পালিয়ে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।  

২০১৬ সালের ৫ মার্চ রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদে বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির জনাবা ভিলার তৃতীয় তলার বাসায় পারভিন আকতার নামের ওই নারীকে হত্যা করা হয়।

ডাকাতি-হত্যায় চট্টগ্রামে চারজনের ফাঁসির রায়  

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে ‘শ্বাসরোধে’ হত্যা  

প্রবাসীর স্ত্রী হত্যায় গ্রেপ্তার ২, আদালতে জবানবন্দি  

পারভিন আক্তারের ছেলে নূর মোহাম্মদ সাঈদকে পড়িয়ে গৃহশিক্ষক চলে যাওয়ার সময় বাসার দরজা খোলা হলে অপরিচিত এক ব্যক্তি দরজায় এসে দাঁড়ায়। এরপর আরও তিনজন জোর করে ঘরে ঢোকে। 

তারা চারজন মিলে পারভিন ও তার ছেলেকে আটকে ফেলে। সাঈদকে গলাটিপে হত্যা করার ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ডাকাতির সময় চিৎকার করতে গেলে পারভিনের মুখ চেপে ধরে মেঝেতে উপুড় করে চেপে ধরে আসামিরা। এতে শ্বাসরোধে পারভিনের মৃত্যু হয়।

এ ঘটনায় পারভিনের স্বামী নুরুল আলম বাদী হয়ে দস্যুতা ও হত্যার অভিযোগে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

গত বছরের ৩ মার্চ চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভুঁইয়া চার আসামিকে মৃত্যুদণ্ড দেয়।

এরা হলেন- মো. ইয়াছিন, মনসুর, আবু তৈয়ব ও মো. ইছহাক। রায় ঘোষণার সময় ইয়াছিন ছাড়া অন্যরা পলাতক ছিলেন।

ইছহাককে গ্রেপ্তারের পর র‌্যাব-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত পারভীনের স্বামী নুরুল আলম ও ভাসুর আব্দুর শুক্কুর আবুধাবি প্রবাসী। দুই ভাইয়ের যৌথ মালিকানায় বায়েজিদের রৌফাবাদের ভবনটি তারা নির্মাণ করেন। ওই ভবনের দারোয়ানের কাজ করতেন ইয়াছিন। তিনি নিহতের স্বামী শুক্কুরের দূর সম্পর্কের ভাগ্নে।

“ইয়াছিনকে নিহতের ভাসুর শুক্কুর বিদেশে নিয়ে গিয়েছিল। সেখানে তাদের মনোমালিন্য সৃষ্টি হওয়ায় ইয়াছিন দেশে ফিরে এসে ক্ষোভ থেকে হত্যাকাণ্ড ঘটায়।”